ডেকে নিয়ে সাংবাদিককে পেটালেন যুবলীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিককে পেটানোর অভিযোগ উঠেছে যুবলীগের এক নেতার বিরুদ্ধে। ওই সাংবাদিককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় এ ঘটনা ঘটে।আহত সাংবাদিকের নাম শামসুল হক। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলোর মিরপুর উপজেলা প্রতিনিধি ও যশোর থেকে প্রকাশিত গ্রামের কাগজের ফটোসাংবাদিক।হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন শামসুল জানান, কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মিরপুর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল হেলাল গতকাল দুপুর দেড়টার দিকে ফোন করে তাঁর কার্যালয়ে যেতে বলেন। দুইটায় তিনি পৌরসভার দ্বিতীয় তলায় আল হেলালের কার্যালয়ে যান। কক্ষে ঢোকার পরই দরজা বন্ধ করে দেওয়া হয়। গত বুধবার আজকের আলো পত্রিকায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলমের বিষয়ে সংবাদ প্রকাশ করার ব্যাপারে তাঁর কাছে জানতে চান হেলাল। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। শামসুল অভিযোগ করেন, একপর্যায়ে আল হেলালসহ ওই কক্ষে থাকা সাত-আটজন লাঠিসোঁটা ও হকিস্টিক দিয়ে তাঁকে বেধড়ক পেটাতে থাকেন। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।যোগাযোগ করা হলে আল হেলাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এসআই শাহ আলম ও আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তা যাচাইয়ের জন্য শামসুলকে আমার কার্যালয়ে ডাকি। শামসুল উত্তেজিত হলে আমার ছেলেরা তাঁকে চড়-থাপড় মেরেছে।’ এসআই শাহ আলম মুঠোফোনে প্রথম আলোকে জানান, ওই ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। সাংবাদিক শামসুলের ছোট ভাই এস এম খালেক গতকাল রাত সাড়ে আটটার দিকে জানান, তাঁরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।মিরপুর থানার ওসি শেখ আনোয়ার হোসেন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বে তিনি ভেড়ামারা উপজেলায় রয়েছেন। তবে বিষয়টি শুনেছেন।