স্কুলছাত্র ইমরান হোসেনকে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর উত্তরখানে বালুর স্তূপে চাপা দেয় চাচাতো ভাই লিটন ও তার স্বজনেরা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া লিটনের স্ত্রী তাসলিমা বেগমকে জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে পুলিশ দক্ষিণখান এলাকার বাসা থেকে তাসলিমাকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে যুক্ত এক ব্যক্তি ইমরানকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার কথা জানায় তার পরিবারকে। এর পর থেকে ওই ব্যক্তি পলাতক। পরে এ তথ্যের ভিত্তিতে ইমরানের লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে ইমরানের ভাই মাইজউদ্দিন বাদী হয়ে তাঁর চাচাতো ভাই লিটন, তাঁর স্ত্রী তাসলিমা, বোন ও মামাসহ ছয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী ভূঁইয়া প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদে তাসলিমা পুলিশকে বলেন, প্রতিবেশী ইমরানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি এ ঘটনা জানতে পেরে তাঁর স্বামী ও তাঁদের স্বজনেরা ইমরানের ওপর ক্ষুব্ধ হয় এবং তাকে হত্যার পরিকল্পনা নেয়। সেই অনুযায়ী ইমরানকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, তাসলিমাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত জানা যাবে। এজাহারভুক্ত অন্য পাঁচ আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
উত্তরখানে দুবাদিয়া সেতু এলাকায় বালু খুঁড়ে স্কুলছাত্র ইমরানের (১৭) গলিত লাশ উদ্ধার করা হয়। সে দক্ষিণখানে এমারত উচ্চবিদ্যালয়ে পড়ত।