রাজধানীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এ বছর প্রায় ৯২৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। এডিস মশাবাহিত এ রোগে মারা গেছে পাঁচজন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল ৮৯ জন। এ তথ্য শুধু ঢাকার কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালের।
গত বছর ঢাকায় আট বছরের মধ্যে সর্বোচ্চসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৩ হাজার ১৬২ জন। যদিও দুই মেয়রেরই নির্বাচনের আগে অগ্রাধিকারের তালিকার শীর্ষে ছিল মশা নিধন। দুই সিটি করপোরেশনই মশক নিধনে যথেষ্ট অর্থ খরচ করলেও মশা নিয়ন্ত্রণে আশানুরূপ ফল পাওয়া যায়নি।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে, সাধারণত জুন থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গুর বিস্তার থাকে। জুলাই থেকে সেপ্টেম্বর, তিন মাস পরিস্থিতি বেশি খারাপ থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, এ বছর জানুয়ারি থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় কয়েকটি হাসপাতাল থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯২৮ জন। মারা গেছে পাঁচজন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা প্রতিদিনই এসব হাসপাতালে থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। পরে বাড়িতে বাকি চিকিৎসা চালাচ্ছে তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা বলছে, এর আগে ২০০৬ সালে ২ হাজার ২০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই সংখ্যা ছিল প্রতিবছর ৩৭৫ থেকে সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ জন পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা শহরে এক হাজারের বেশি ক্লিনিক ও হাসপাতাল আছে। তাঁরা পাচ্ছেন ২৫টি হাসপাতালের তথ্য। এর ফলে ডেঙ্গুতে আক্রান্ত প্রকৃত রোগীর সংখ্যা আরও অনেকে বেশি বলে তাঁদের আশঙ্কা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ডেঙ্গু পরিস্থিতি আগের বছরের তুলনায় খারাপ হবে, এই আশঙ্কা ছিল। সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে। মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি জনগণকে সতর্ক করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১৫ সালের ২৮ এপ্রিল মেয়র নির্বাচনের আগে ঢাকার দুই মেয়রই বলেছিলেন, ঢাকার অন্যতম প্রধান সমস্যা মশা। গত অর্থবছরে দুই সিটি করপোরেশন যথেষ্ট অর্থ খরচ করেও মশা নিয়ন্ত্রণ করতে পারেনি। কয়েক দিন আগে ঢাকার দুই সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। তাতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে উত্তর সিটি বরাদ্দ রেখেছে ২৩ কোটি ২৫ লাখ টাকা। আর দক্ষিণ সিটির বরাদ্দ ১১ কোটি ৫০ লাখ টাকা।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম হিসেবে পত্রিকায় বিজ্ঞাপন, লিফলেট বিতরণ, পোস্টার লাগানো ইত্যাদি কাজ করছে ডিএনসিসি। অন্য বছরের তুলনায় মশক নিয়ন্ত্রণে বরাদ্দ বেশি রাখায় কাজের সুবিধা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এডিস মশা, রোগী ও ডেঙ্গু ভাইরাস—এই তিনটি বিষয় ডেঙ্গু ব্যবস্থাপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এডিস মশার উৎস ধ্বংস করা। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। সিটি করপোরেশন এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়, যেখানে পরিষ্কার পানি জমা হয় এ রকম পাত্র, ফুলের টব, হাঁড়িপাতিল বাড়ির পাশে রাখবেন না। এক জায়গায় দু-তিন দিনের বেশি যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে।