বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশে কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গবেষকেরা বলছেন, উড়োজাহাজ যাতায়াতের কারণে বিভিন্ন দেশে ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ছে। আবার উড়োজাহাজে করে ডেঙ্গুর বাহক এডিশ মশারও স্থানান্তর ঘটছে। ঢাকার নির্দিষ্ট কিছু হাসপাতালের তথ্যের ভিত্তিতে প্রতি মাসে গড়ে ১৮৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির দুজন গবেষক ২০টি দেশের ৫৯ বছরের (১৯৫৬ থেকে ২০১৫ সাল) উপাত্ত বিশ্লেষণ করে বলেছেন, এশিয়ায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার সঙ্গে উড়োজাহাজ ভ্রমণের সম্পর্ক আছে।
গবেষকেরা বলছেন, দুভাবে ডেঙ্গু ছড়াচ্ছে। ডেঙ্গু আক্রান্ত মানুষ উড়োজাহাজে চড়ে এক দেশ থেকে অন্য দেশে যায়। আবার ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশা উড়োজাহাজে চড়ে এক দেশ থেকে অন্য দেশে যায়। আন্তর্জাতিক পথে একটি উড়োজাহাজে ৮ থেকে ২০টি মশা থাকতে পারে, এমন তথ্য গবেষকেরা দিয়েছেন। তবে ওই গবেষণায় বাংলাদেশ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই।
বাংলাদেশে ডেঙ্গুর রোগী প্রথম শনাক্ত হয় ১৯৯৯ সালে। বড় ধরনের প্রকোপ দেখা দেয় ২০০০ সালে, ওই বছর ৯৩ জন মারা যায়। তবে দেশে কীভাবে, কোন পথে ডেঙ্গু ভাইরাস এসেছিল, তার সঠিক তথ্য পাওয়া যায়নি।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নতুন রোগের ওপর নজরদারি, প্রকোপ বৃদ্ধি নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা প্রথম আলোকে বলেন, নতুন কোনো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে বিমানবন্দরসহ সব ধরনের বন্দরে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগ ও রোগী শনাক্ত করা হয়। আবার উড়োজাহাজে ও বিমানবন্দরে যাত্রীদের ফরম দেওয়া হয় তথ্য সংগ্রহের জন্য। সংগৃহীত তথ্য থেকে রোগী শনাক্ত করা যায়। মশা সম্পর্কে তিনি বলেন, অবতরণ করার পর নতুন যাত্রী ওঠার আগে প্রতিটি উড়োজাহাজে মশা নিধন করার জন্য স্প্রে করা হয়। এটা আন্তর্জাতিক বিধি।
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন প্রায় ৮০টি যাত্রীবাহী ফ্লাইট ওঠানামা করে।
ওই গবেষণা প্রবন্ধটি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজেস সাময়িকীতে ‘ইনক্রিজিং এয়ারলাইন ট্রাভেল মে ফ্যাসিলিটেট কো-সার্কুলেশন অব মাল্টিপল ডেঙ্গু ভাইরাস সেরোটাইপস ইন এশিয়া’ শিরোনামে ৩ আগস্ট প্রকাশিত হয়।
প্রবন্ধে বলা হয়েছে, গত অর্ধশতাব্দীতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩০ গুণ বেড়েছে। প্রতিবছর বিশ্বের প্রায় ৩৯ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এ ক্ষেত্রে বিমান ভ্রমণ বড় ভূমিকা রেখেছে। গবেষকেরা জাহাজ চলাচলের তথ্যও বিশ্লেষণ করেছেন। তবে জাহাজে এই রোগের বিস্তার ঘটার প্রমাণ পাননি।
গবেষণায় পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মিয়ানমার, লাওস, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও সৌদি আরবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত ও থাইল্যান্ড উড়োজাহাজ চলাচলের হাব (কেন্দ্রবিন্দু) হিসেবে ডেঙ্গুর মহামারিতে অবদান রেখেছে। অন্যদিকে চীন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর ডেঙ্গু ছড়াতে ভূমিকা রেখেছে।
ডেঙ্গু রোগী বাড়ছে
রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির যে খণ্ডচিত্র পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে, এ বছর ৮৬৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের ‘স্বাস্থ্য সতর্কতা’য় বলা হয়েছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এ বছর ‘অনিয়মিত ও থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় সামনের দুই মাসে বহু লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে।’
রাজধানীর ১৩টি সরকারি হাসপাতাল এবং ৩৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গুর চিকিৎসা নেওয়া রোগীর তথ্য নিয়মিত সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম। ওই সেন্টার থেকে দেওয়া তথ্য অনুযায়ী, মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১২৬ জন। জুন ও জুলাই মাসে যথাক্রমে ২০২ ও ২৪০ জন। মাসে গড়ে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে ১৮৯ জন। এর মধ্যে জুনে একজন ও জুলাইতে দুজনের মৃত্যুর তথ্য তাদের কাছে আছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটা প্রকৃত অবস্থার একটি খণ্ডচিত্র।
কর্মকর্তারা বলেছেন, ডেঙ্গুর প্রকোপ কেমন হবে, তা এখনই বলা মুশকিল। সতর্ক থাকাই এখন গুরুত্বপূর্ণ।