ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে উপায় কী?

কী এক অত্যাচারে আছি!! কী আতঙ্ক!! মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি!! আমার তো মনে হয় এই সময় সরকার থেকে স্কুল বন্ধ করে দেওয়া উচিত। বাড়ির সবাইকে এমনকি নিজেও নারিকেল তেল, ওডোমস—এসব হাতে-পায়ে লাগিয়েছি। এভাবে কি জীবন চলে!!! কাকলি খান নামের এক নারী উদ্যোক্তা গত ৪ আগস্ট ফেসবুকে এভাবেই লিখেছেন।
মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দেশে ডেঙ্গুর যে অবস্থা, তাতে উদ্বেগ বা আতঙ্কিত না হয়েও উপায় নেই। আতঙ্কিত হবেন না—এ কথা বলার উপায় নেই। তবে অতিরিক্ত আতঙ্কে অনেকের মধ্যেই মানসিক সমস্যা দেখা দিচ্ছে, যা চিন্তার বিষয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলেও আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সম্পন্ন করতে হবে।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) এ-দেশীয় প্রতিনিধি এডউইন স্যালভাদর বলেছেন, বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, তবে নিয়ন্ত্রণের বাইরে নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একযোগে কাজ করবে।
ডেঙ্গু নিয়ে দেশের জনগণকে সতর্ক করতে স্বাস্থ্যমন্ত্রী, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ রাজনৈতিক নেতারা নানান কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুমাইয়া আফরিন জানালেন, রাজধানীতে ডেঙ্গু ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তিনি ঘরের সব জানালা বন্ধ করে দিয়েছেন। শুধু ঘরে ঢোকা ও বাইরে বের হওয়ার সময় দরজাটা একটু খোলেন, যাতে কোনোভাবেই মশা ঢুকতে না পারে। চাকরির সূত্রে পরিবার থেকে দূরে একা থাকা এই তরুণী বললেন, ‘আমি জানি আমার বাসায় মশা নেই। তবে দুই দিন ধরে শুধু মনে হচ্ছে, অফিসে বা বাইরে যখন থাকছি তখন মশা যে কামড়ায়নি তা কে বলবে। ফলে সন্ধ্যার পর থেকে মাথা ঝিমঝিম করতে থাকে। ঘুমানোর আগে মনে হয় রাতে ঠিকই জ্বর হবে, তারপর ডেঙ্গু হবে। ঢাকার বাইরে যে স্বজনেরা আছেন, তাঁরা যাতে কোনো ভাবেই এখন ঢাকায় না আসেন, তা বলে দিয়েছি। মনে হয়, নিজের যা হয় হোক, আপনজনেরা অন্তত ডেঙ্গু থেকে দূরে থাকুক। কিন্তু ঢাকার বাইরেও তো ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বললেন, ডেঙ্গু যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে জনগণ এখন আর কোনো তথ্য বিশ্বাস করতে পারছে না। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে তীব্র গতিতে। ঢাকা শহরে ডেঙ্গু সচেতনতায় বড় বড় ব্যানার ঝুলছে। কিন্তু লাভ হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিস্ক কমিউনিকেশন থিওরি মানা হচ্ছে না। ডেঙ্গু থেকে বাঁচার উপায় বা ডেঙ্গু মহামারি আকার ধারণ করেনি—ব্যানারে এই কথাগুলো বলছেন স্বাস্থ্যমন্ত্রী-মেয়ররা। জনগণ এঁদের কথা বিশ্বাস করেন বলে মনে হয় না। বিশ্বাস করার কারণও নেই। আর এই ব্যক্তিরা দায়িত্বশীল গদিতে বসে একেক সময় একেক ধরনের কথা বলছেন, একজনের কথা অন্যজনের কথার সঙ্গে মিলছে না।
এই চিকিৎসক জানালেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিস্ক কমিউনিকেশন থিওরি অনুযায়ী, কোনো দুর্যোগের সময় যিনি বিশেষজ্ঞ, যাঁর বিশ্বাসযোগ্যতা আছে এবং পূর্বে তাঁর বলা কোনো আশঙ্কা-হুঁশিয়ারি সত্য বলে প্রমাণিত হয়েছিল, এমন কাউকে কথা বলতে হবে। আমাদের অনেক কর্তাব্যক্তিই এর আওতায় পড়েন না। তারপরও তাঁরা কথা বলে যাচ্ছেন। সরকারকে বিষয়টি মাথায় রেখে ডেঙ্গু বিষয়ে জনগণকে তথ্য দিতে হবে।
১ আগস্ট ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সৃষ্ট সমস্যা অল্প দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু আজ বুধবার তিনি বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন নগরবাসীকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়ে যাচ্ছিলেন প্রতিনিয়ত। এমনকি নগরবাসীকে লম্বা জামা-কাপড় পরার পরামর্শ দিয়েছেন। তবে আজ বুধবার তিনি বলেছেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। যদি কোরবানির বর্জ্য, পানি, রক্ত ইত্যাদি অপসারণ না করা হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। অন্যদিকে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের বিশেষ জরুরি বর্ধিত সভায় বলেছেন, ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণে আসেনি। ডেঙ্গুতে মৃত্যু, আক্রান্ত হওয়ার খবরের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্যও গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার হচ্ছে। ফলে কোনো তথ্যই জনগণের অজানা থাকছে না।

রাজধানীর বাসিন্দারা আতঙ্কের মধ্যে আছেন, তা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনেও স্পষ্ট। প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন বলছে, মশা মারতে বাসিন্দারা নিজেরাই কিনছেন ফগার মেশিন। জনগণ সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রমে আস্থা রাখতে পারছেন না। ফগারের পাশাপাশি মশা মারার ওষুধও বিক্রি হচ্ছে দেদারসে। মশা যাতে না কামড়ায়, এ কারণে বিশেষ ব্যবস্থা নিচ্ছেন অনেকেই।
এক মা জানালেন, মশার কামড় থেকে বাঁচাতে তিনি সারাক্ষণ তাঁর মেয়ের সারা গায়ে বিশেষ ওষুধ লাগিয়ে রাখেন।
চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরকে কারিগরি সহায়তা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় দিল্লি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কীটতত্ত্ববিদ ভুপেন্দর নাগপালকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি ডেঙ্গু প্রতিরোধে নানান পরামর্শ দিচ্ছেন। তবে বিভিন্ন গণমাধ্যম, ফেসবুকসহ ডেঙ্গু নিয়ে নানান ধরনের তথ্য মানুষকে বিভ্রান্ত করছে। কোনো জায়গায় বলা হচ্ছে, এডিস মশা রাতে কামড়ায় না, আবার আরেক জায়গায় বলা হচ্ছে কামড়ায়।
সরকারি-বেসরকারি হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা ও রোগীর পরিবারের সঙ্গে কথা বলে প্রথম আলোর গতকাল পর্যন্ত তথ্য বলছে, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত ৯৪ জন। আর সরকারি হিসাবে ২৩ জনের মৃত্যু হয়েছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক চিকিৎসক হেলাল উদ্দিন আহমেদ বললেন, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিতে জনগণের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। সাপে কামড়ালেও মানুষ ধরে নেয় মৃত্যু হতে পারে। কিন্তু মশার কামড় এবং জ্বরে মানুষ মরে যাচ্ছে, যা একেবারেই অপ্রত্যাশিত। মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে। এই পরিস্থিতিতে কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শও দেওয়া যাচ্ছে না। তবে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আতঙ্কিত হয়ে নিজে নিজে হাসপাতালে ভর্তি বা বিভিন্ন টেস্ট করে হুলুস্থুল করা যাবে না। এতে আসলেই যাদের দরকার, তারা যথাযথ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হবে।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে হেলাল উদ্দিন আহমেদ বললেন, এক রোগীর ডেঙ্গু হয়েছিল, তবে তা ভালোও হয়ে গেছে। কিন্তু এই রোগীর হাত-পা কাঁপছে মানসিক সমস্যার কারণে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক তাজুল ইসলাম বলছেন, ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, তাই অন্যদের আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। তবে এটাও মনে রাখতে হবে, ডেঙ্গু হলেই কিন্তু মানুষ মারা যাচ্ছে না। সব মানুষ এতে আক্রান্ত হচ্ছে না। সতর্ক হওয়া আর আতঙ্কিত হওয়ার মধ্যে পার্থক্য আছে। অনেকে আছে আকাশে বজ্রপাত হলে ঘরে খাটের নিচে লুকায়, কেননা তার মনে হয় বজ্রপাতে সে মরে যাবে। আতঙ্ক একটা পর্যায় পর্যন্ত গ্রহণযোগ্য, তবে বর্তমানে ডেঙ্গু নিয়ে অনেকের মধ্যে ‘ফোবিয়া’ কাজ করছে, যা মানসিক রোগের পর্যায়ে পড়ে। প্রয়োজনে এদের চিকিৎসার আওতায় আনতে হবে। আর সরকারের পক্ষ থেকে ডেঙ্গু থেকে জনগণকে আশ্বস্ত করার জন্য বড় ধরনের যথাযথ ক্যাম্পেইন করা জরুরি।