ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির সচেতনতামূলক শোভাযাত্রা
ডেঙ্গু জ্বর প্রতিরোধে গতকাল রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন এক সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার আগে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিলেও তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
শোভাযাত্রটি গুলশান ইয়ুথ ক্লাব থেকে উত্তর নগর ভবন পর্যন্ত হয়। সভায় প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ পোলিওমুক্ত, ম্যালেরিয়ামুক্ত হয়েছে। একসময় ডেঙ্গুমুক্তও হবে। সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা যায়।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ‘১০-১২ বছর আগে ডেঙ্গু ছিল আতঙ্ক। ক্যানসার রোগী মারা যেত বহু দিনে। ডেঙ্গু রোগী মারা যেত তিন দিনে। ডেঙ্গু এখন আর আতঙ্ক নয়, সাধারণ জ্বর। তবে চাইলেই সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধ করতে পারে না। মশার জন্ম হয়, এমন অনেক এলাকা সিটি করপোরেশনের বাইরেও রয়েছে। আমরা সচেতন, কিন্তু সব সচেতনতাই সম্পূর্ণ নয়।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল কে এম মাসুদ আহসান বলেন, পাঁচ বছর পরপর বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। ২০১১ সালের পর এ বছর বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। অতিরিক্ত বৃষ্টি ও গরম আবহাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে সচেতনতামূলক কার্যক্রম ও মশকনিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
সমাবেশে সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে কী কী করা হয়েছে, তা তুলে ধরা হয়। এর মধ্যে আছে পত্রিকায় বিজ্ঞাপন, লিফলেট বিতরণ, পোস্টার লাগানো ইত্যাদি।