ডেঙ্গু প্রতিরোধে যৌথ সেমিনার
ডেঙ্গু প্রতিরোধে নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা ডেঙ্গুর উপসর্গ ও রোগ নির্ণয়ের ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা মেডিকেল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন ও ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জাপানভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিপ্রো জেএমআই ফার্মা সেমিনারে বিজ্ঞানবিষয়ক অংশগ্রহণকারী (সায়েন্টিফিক পার্টনার) হিসেবে যোগ দেয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ দীন মোহাম্মদ। বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাধারণ সম্পাদক মো. বিল্লাল আলম। প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেঙ্গুবিষয়ক অঞ্চলভিত্তিক কারিগরি পরামর্শক অধ্যাপক এইচ এ এম নাজমুল আহসান ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক কাজী তারিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।