ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে
প্রতি মাসে ঢাকা ও চট্টগ্রাম শহরে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজন মারাও গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুম প্রথম আলোকে এই তথ্য দিয়েছে।
এ ছাড়া চিকুনগুনিয়ার প্রকোপ মূলত ঢাকা শহরে সীমাবদ্ধ থাকলেও তা আরও চারটি জেলায় শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু বেড়ে যাওয়ায় এটাই প্রমাণ করে যে এডিস মশা কমেনি।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে যেসব হাসপাতাল থেকে ডেঙ্গুর তথ্য পায় তাতে দেখা যাচ্ছে প্রতি মাসে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। এ বছর জানুয়ারিতে ৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর মৌসুম শুরু মে-জুন মাসে। মে মাসে বিভিন্ন হাসপাতালে ১২১ জন ভর্তি ছিল, জুন মাসে ভর্তি হয় ২০২ জন। ১৬ জুলাই পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল ৮৪ জন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত একজন মে মাসে মিটফোর্ড হাসপাতালে এবং চলতি মাসে একজন চট্টগ্রামে মারা যায়।
পরিসংখ্যানে দেখা যায়, এ বছর ৭১৬ জন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তির তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে আছে। এর মধ্যে ৬৯ জন চট্টগ্রামের। তবে সরকারি কর্মকর্তারা বলেছেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি। কারণ অনেক বেসরকারি ক্লিনিক বা হাসপাতালের তথ্য সরকারের কাছে আসে না।
ঢাকা শহরে চিকুনগুনিয়ার প্রকোপ কমছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্মকর্তারা মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, ‘গত কয়েক দিন চিকুনগুনিয়া পরীক্ষা করাতে আসা রোগীর সংখ্যা কমেছে।’ প্রকোপ কমলেও আগামী সেপ্টেম্বর পর্যন্ত মানুষ এতে আক্রান্ত হতে থাকবে বলে আইইডিসিআরের কর্মকর্তারা বলেছেন।
গতকাল আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা প্রথম আলোকে বলেন, ঢাকা শহরের বাইরে বগুড়া, গোপালগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে চিকুনগুনিয়ার রোগী শনাক্ত হয়েছে। এসব রোগীর ঢাকা শহরে বসবাসের ইতিহাস পাওয়া গেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক গত মঙ্গলবার বিএমএ আয়োজিত সেমিনারে একাধিক গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, চিকুনগুনিয়াকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। প্রতি ১০ হাজার রোগীতে একজন মারা যেতে পারে, এমন নজির রয়েছে। আর যথাযথ চিকিৎসা না হলে ডেঙ্গুতে মৃত্যুহার অনেক বেশি। দুটি রোগই ছড়ায় এডিস মশার মাধ্যমে। এ জন্য মশা নিধনের পাশাপাশি মশা থেকে দূরে থাকা জরুরি।