ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যুর তথ্য পেয়েছে আইইডিসিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু মশা
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে ২৪ জনের মৃত্যুর তথ্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে পাঠানো হয়েছে। তবে কোনোটিরই পর্যালোচনা শেষ করে এখন পর্যন্ত তারা ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পারেনি। এদিকে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ২১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছে ২১০ জন আর ঢাকার বাইরে ১ জন।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা আজ পর্যন্ত ৮৮৪ জন। দেশের অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয় ভর্তি আছে আরও ৬৮ রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ হাজার ৬৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪ হাজার ৬৬৯ জন।

ডেঙ্গু শনাক্তের দিক থেকে জুলাই মাসকে ছাড়িয়েছে আগস্ট মাস। গত জুলাই মাসে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগী ছিল ২ হাজার ২৮৬ জন। আজ পর্যন্ত তা হয়েছে ২ হাজার ৯৮৭ জন।