রাজধানীর সরকারি হাসপাতালের বাইরে মাত্র ২৫টি বেসরকারি ক্লিনিকের ডেঙ্গু রোগের তথ্য আছে সরকারের কাছে। নগরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা ৫৯২টি। এই হিসাবে শতকরা ৯৫ ভাগ হাসপাতাল-ক্লিনিকেরই তথ্য নেই সরকারের কাছে।স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক বেনজীর আহমেদ প্রথম আলোকে বলেন, রোগের তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণকক্ষে পাঠানোর কথা। দু-দুটো হটলাইন নম্বর সব হাসপাতালের কাছে দেওয়া আছে। তাদের বারবার অনুরোধ জানানো হয়েছে কোনো ডেঙ্গু রোগী ভর্তি হলে কিংবা মারা গেলে অধিদপ্তরকে জানাতে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলো এ অনুরোধ রাখছে না। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মাহমুদুর রহমান বলেন, ঢাকা সিটি করপোরেশন মহানগরকে ১০টি অঞ্চলে ভাগ করেছে। এই ১০টি অঞ্চলের অন্তত ২০টি জায়গা থেকেও যদি ঠিকমতো তথ্য পাওয়া যেত, তাহলে রোগের প্রকোপ সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা যেত। যে হাসপাতালগুলো থেকে নিয়মিত তথ্য আসছে, তার ভিত্তিতেই ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে বোঝার চেষ্টা করা হচ্ছে। চিকিৎসকেরা বলেন, প্রধানত তিন ধরনের ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হয়। ক্লাসিক্যাল ডেঙ্গুতে রোগীর জ্বর, চোখ ও মাথা ব্যথা এবং বমি হয়ে থাকে। হেমোরেজিক ডেঙ্গুতে রক্তক্ষরণ হয়। আর শক সিনড্রোমে রোগীর রক্তচাপ একেবারে নিচে নেমে যায়। ঠিকমতো তথ্য রেকর্ড করা হচ্ছে না বলে কোন ধরনের রোগী বেশি ভর্তি হচ্ছে, সে সম্পর্কে জানা যাচ্ছে না।তবে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও হলি ফ্যামিলি হাসপাতালের অধ্যক্ষ মনিরুজ্জামান ভূঁইয়া দাবি করেছেন, সংগঠনের সব সদস্যই নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তরকে ডেঙ্গু রোগীর সংখ্যা সম্পর্কে জানিয়ে থাকে।অনুসন্ধানে জানা গেছে, এ মৌসুমে সরকার মাত্র ২৫টি হাসপাতালকেই ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাতে চিঠি দিয়েছে, ৫৯২টিকে নয়। এই ক্লিনিকগুলো হলো বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি, স্কয়ার, কমফোর্ট নার্সিং হোম (প্রা.) লি., আইচি শিশু হাসপাতাল, নিবেদিতা, মনোয়ারা, সেন্ট্রাল, মিরপুর শিশু হাসপাতাল, নিবেদিতা নার্সিং হোম, পেডিহোপ হসপিটাল ফর সিক চিলড্রেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল, প্যানকেয়ার হাসপাতাল, জাহাঙ্গীরনগর হাসপাতাল, সিকদার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সেলিনা জেনারেল হাসপাতাল, শমরিতা হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল, আরএমসি হাসপাতাল, সালাহউদ্দিন হাসপাতাল, মেঘনা হাসপাতাল, আল-বারাকা হাসপাতাল কমপ্লেক্স, সুমনা ক্লিনিক ও মওলানা ভাসানী মেডিকেল কলেজ হাসপাতাল। উল্লেখ্য, জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মাফরুহা সুমির মৃত্যুর তিন দিন পরও স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানতে পারেনি। ওই চিকিৎসক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান।গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ডেঙ্গুতে একজন চিকিৎসকের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ায় চিকিৎসক নুরুল ইসলামের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল ল্যাবএইড হাসপাতালে যান। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিটি হাসপাতালকে ডেঙ্গু রোগীর সংখ্যা সম্পর্কে জানাতে নতুন করে চিঠি দেবে বলে জানিয়েছে। গতকাল নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শরীফুল ইসলাম জানান, ১ জুলাই থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২৩৪ জন। তাঁদের মধ্যে ১৬৮ জন সরকারি হাসপাতালে এবং ৬৬ জন বেসরকারি হাসপাতালে সেবা নিয়েছেন।