ডেঙ্গুর মৌসুম শুরু হচ্ছে, সতর্কতা জরুরি

করোনা মহামারির কারণে গত দুই বছর ডেঙ্গুর প্রসঙ্গ অনেকটাই চাপা থেকেছে।

  • এডিশ মশা ড্রেনে ডিম পাড়ে না।

  • নির্মাণ প্রকল্পের আবাসস্থল ধ্বংস করলে ডেঙ্গুর প্রকোপ ৪০ শতাংশ কমানো সম্ভব।

  • ডেঙ্গুর পূর্বাভাস পেতে আবহাওয়ার তথ্য কাজে লাগতে পারে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় এডিস মশা নিধনে ওষুধ স্প্রে করছেন উত্তর সিটি করপোরেশনের একজন কর্মী
ফাইল ছবি

ডেঙ্গুর প্রকোপ এ বছর বেড়ে যেতে পারে, এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে। এখন পর্যন্ত উদ্বেগজনক কিছু ঘটেনি। তবে ঘটতে পারে। এ আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে ২৭ এপ্রিলের পর থেকে। ওই দিন স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা ঢাকা শহরের মশা জরিপের তথ্য প্রকাশ করে।

করোনা মহামারির কারণে গত দুই বছর ডেঙ্গুর প্রসঙ্গ অনেকটাই চাপা থেকেছে। সংবাদ সম্মেলন করে মশা জরিপের তথ্য তুলে ধরার পর ডেঙ্গুর বিষয়টি মানুষের সামনে এসেছে।

ডেঙ্গুর প্রকোপ দেশে বড় আকারে দেখা দেয় ২০০০ সালে। ওই বছর ৫ হাজার ৫৫১ জন আক্রান্ত হয়, মৃত্যু হয় ৯৩ জনের। কিন্তু তার চেয়েও ডেঙ্গু ভয়াবহ আকারে দেখা দেয় ২০১৯ সালে। সরকারি হিসাবে ওই বছর ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়। মৃত্যু হয় ১৭৯ জনের। ইতিহাসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটে ওই বছর।

ঠিক পরের বছর শুরু হয় করোনা মহামারি। ডেঙ্গুর প্রকোপ কম হতে দেখা যায়, মৃত্যুও ছিল কম। ২০২০ সালে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৪০৫ জন। মৃত্যু হয়েছিল ৭ জনের। হঠাৎ ডেঙ্গু কমে যাওয়ার কারণ হিসেবে অনেকে বলেছিলেন যে একই সময়ে দুটি ভাইরাস প্রবলভাবে উপস্থিত থাকতে পারে না। করোনার প্রবল উপস্থিতির কারণে ডেঙ্গুর উপস্থিতি দুর্বল ছিল।

২০২০ ও ২০২১ সালের প্রাক্‌–বর্ষা মৌসুমের জরিপের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২২ সালে মশার পরিমাণ বেশি পাওয়া গেছে। এ বছর ডেঙ্গু বেশি হওয়ার আশঙ্কার এটি একটি কারণ।
কবিরুল বাশার, জাহাঙ্গীরনগনর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক

পরের বছর অর্থাৎ ২০২১ সালে করোনা মহামারি শেষ হয়ে যায়নি, কিন্তু ডেঙ্গু প্রবলভাবে ফিরে আসে। ওই বছর ২৮ হাজার ২৬৫ জন আক্রান্ত হয় এবং মারা যায় ১০৫ জন। আক্রান্ত ও মৃত্যু—দুই–ই ছিল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

মানুষ মহামারির ভয়–শঙ্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি। করোনা সংক্রমণ কম হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এরই মধ্যে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে দৈনন্দিন ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিলে অস্বস্তি অনেক বেড়ে যাবে। কিন্তু সরকারের পক্ষ থেকে গত দুই বছরের মধ্যে মশা নির্মূলে টেকসই উদ্যোগ নিতে দেখা যায়নি। মানুষকে সচেতন করার কার্যকর পদক্ষেপও নেওয়া হয়নি।

আরও পড়ুন

অতীতে দেখা গেছে, ডেঙ্গু বেড়ে গেলে সরকার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া শুরু করে। ডেঙ্গুর প্রকোপ কমে গেলে বিশেষজ্ঞদের সুপারিশের দিকে কেউ নজর দেয় না। স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো টেকসই ও কার্যকর উদ্যোগ নেয় না। এ ক্ষেত্রে জবাবদিহিরও ঘাটতি আছে।

কৃষ্ণমূর্তির প্রতিবেদন

ঢাকা শহরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগতত্ত্ববিদ ড. কে কৃষ্ণমূর্তিকে ঢাকায় পাঠিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়ার জন্য। সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে কথা বলে ‘মিড–টার্ম প্ল্যান ফর কন্ট্রোলিং অ্যান্ড প্রিভেন্টিং এডিস–বর্ন ডেঙ্গু অ্যান্ড চিকুনগুনিয়া ইন বাংলাদেশ’ নামের ২২ পৃষ্ঠার একটি পরিকল্পনা দলিল তৈরি করেন তিনি।

ওই পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের হার কমানো; দ্বিতীয়ত ডেঙ্গুতে মৃত্যু কমানো। ২০১৭ সালের শেষ দিকে ওই দলিল চূড়ান্ত হয়েছিল। পরবর্তী দুই বছরে অর্থাৎ ২০১৯ সালের মধ্যে ওই পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল।

পরিকল্পনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি মূল্যায়নের কথা ছিল। রোগতত্ত্ববিদ, কীটতত্ত্ববিদ, অণুজীববিজ্ঞানী, তথ্য–শিক্ষা–যোগাযোগ বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ গঠন করার পরামর্শ দেওয়া হয়েছিল। ১২টি মন্ত্রণালয়কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজের সঙ্গে যুক্ত হতে বলা হয়।

পাঁচ বছরেও ওই পরিকল্পনার কোনো কিছু বাস্তবায়িত হয়নি। ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপের সময় প্রথম আলোর পক্ষ থেকে সরকারের রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং ঢাকা দুই সিটি করপোরেশনের সঙ্গে ওই প্রতিবেদন নিয়ে কথা হয়। চার প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় চার কর্মকর্তা বলেছিলেন, তাঁরা কেউ প্রতিবেদনটি দেখেননি।

১৭ মে ওই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তিনি ওই ধরনের কোনো প্রতিবেদন দেখেননি।

এ বছর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাবে কি না, তা নির্ভর করছে তিনটি বিষয়ের ওপর: বৃষ্টি, তাপমাত্রা ও আর্দ্রতা। তবে এই তিনটি চলকের বা ভেরিয়েবলের অনুপাত কী হলে ডেঙ্গু বাড়বে, তা তাঁর কাছ থেকে জানা যায়নি।
মো. একরামুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার উপকর্মসূচি ব্যবস্থাপক

নাগপালের পরামর্শ

২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের জ্যেষ্ঠ কীটতত্ত্ববিদ বি এন নাগপালকে ঢাকায় পাঠিয়েছিল মশা বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য। বি এন নাগপাল বিভিন্ন দপ্তরে ঘুরেছিলেন। মশা বিষয়ে নতুন কথা বলেছিলেন।

নাগপাল বলেছিলেন, এডিস মশা ডিম পাড়ার পর এক বছর পর্যন্ত তা সুপ্ত অবস্থায় থাকতে পারে। কোনো পাত্রে ডিম থাকলে তা অপসারণ না করলে এক বছরের মাথায় পানির স্পর্শ পেলে ডিম ফুটে মশা হবে। এডিশ মশা কখনোই নর্দমায় ডিম পাড়ে না। নর্দমায় যে মশা দেখা যায়, তা এডিস নয়। এডিস মশা নর্দমা, পুকুর, কূপ, লেক, নদী বা মাটির নিচের পানির আধারে ডিম পাড়ে না। তারা ছোট ছোট পানির আধারে ডিম পাড়তে পছন্দ করে।

ওই সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বি এন নাগপাল বলেছিলেন, বিমানবন্দর মশা উৎপাদনের একটি অন্যতম স্থান। বিমানবন্দরে ওয়ার্কশপ আছে। যেখানে পরিত্যক্ত যন্ত্রপাতি থাকে, তাতে বৃষ্টির পানি জমে। এই পানিতে এডিস মশা ডিম পাড়ে। বন্দর থেকে এডিস মশা বিমানে ঢুকে পড়ে এবং অন্য দেশে ছড়িয়ে পড়ে। এটাও ডেঙ্গু বিস্তারের কারণ। ঢাকায় অসংখ্য নির্মাণাধীন প্রকল্প আছে উল্লেখ করে ওই কীটতত্ত্ববিদ বলেছিলেন, প্রকল্পগুলো মশা উৎপাদের ক্ষেত্র। নির্মাণ প্রকল্পে উৎপাদিত মশা প্রথমে প্রকল্পে কর্মরত শ্রমিকদের কামড়ায়। তাদের মাধ্যমে ডেঙ্গু অন্য জায়গায় ছড়ায়। নির্মাণ প্রকল্প এলাকায় মশা উৎপাদনক্ষেত্র বিনাশ করা সম্ভব হলে ডেঙ্গু রোগের প্রকোপ ৪০ শতাংশ কমিয়ে আনা সম্ভব। মশা উৎপাদনক্ষেত্র বিনাশ করার দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারদের। সেখানে আইনের প্রয়োগ জরুরি।

ঢাকার একাধিক অনুষ্ঠানে বি এন নাগপাল ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সম্পৃক্ততার ওপর জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শুধু সিটি করপোরেশনের কর্মীদের মাধ্যমে এডিস মশা কমানো সম্ভব নয়। সিটি করপোরেশনের কর্মী ঘরের মধ্যে ঢুকতে পারেন না। কিন্তু এ মশা বিশ্রাম নেয় টেবিল–চেয়ারের নিচে, সোফার নিচে, বিছানার নিচে, পর্দার পেছনে, আলমারির পেছনে—অর্থাৎ যেখানে অন্ধকার থাকে। কারণ, এ মশা হাইড্রোফিলিক মশা। এর অর্থ হলো এ মশা আর্দ৶তা পছন্দ করে।

কিন্তু বি এন নাগপালের পরামর্শের বিষয়ে মানুষকে জানানো, মানুষকে সচেতন করার কোনো উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিতে দেখা যায়নি।

এ বছর এডিস মশা নিধনে ১৭ মে থেকে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ অভিযান ৫৪টি ওয়ার্ডে পরিচালিত হচ্ছে। অভিযান চলবে ২৬ মে পর্যন্ত। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাতটি ওয়ার্ডকে উচ্চ ও মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার পর সেসব ওয়ার্ডে মশকনিধনে তিন দিন চিরুনি অভিযান চালানো হয়েছে।

অস্পষ্ট পূর্বাভাস

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা মশা জরিপ করে। মশা নিয়ন্ত্রণ বা নিধনের দায়িত্ব তাদের নয়, সেই দায়িত্ব সিটি করপোরেশন বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের।

রোগনিয়ন্ত্রণ শাখা বছরে তিনবার মশা জরিপ করে। বর্ষা মৌসুম শুরুর আগে একবার, ভরা বর্ষা মৌসুমে একবার এবং বর্ষা শেষে শীত মৌসুম শুরুর আগে আরেকবার। এ বছরের বর্ষার আগের জরিপের তথ্য তারা ২৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

এ জরিপের সঙ্গে যুক্ত জাহাঙ্গীরনগনর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার প্রথম আলোকে বলেন, ২০২০ ও ২০২১ সালের প্রাক্‌–বর্ষা মৌসুমের জরিপের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২২ সালে মশার পরিমাণ বেশি পাওয়া গেছে। এ বছর ডেঙ্গু বেশি হওয়ার আশঙ্কার এটি একটি কারণ।

তবে ওই জরিপের সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, জরিপে ঢাকা মহানগরে চলমান ‘মেগা প্রজেক্ট’–এ মশা পরিস্থিতি দেখা সম্ভব হয়নি। পাশাপাশি বড় আবাসন প্রকল্পেও জরিপ করা যায়নি।

অন্যদিকে রোগতত্ত্ববিদেরা বলছেন, ডেঙ্গুর ধরনের কারণে প্রকোপ বাড়ে বা কমে। ডেঙ্গুর ধরন চারটি। এদের বলা হয়: ডেন–১, ডেন–২, ডেন–৩ ও ডেন–৪। একজন একটি ধরনে আক্রান্ত হলে ওই ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা গড়ে ওঠে। অর্থাৎ কেউ ডেন–১–এ আক্রান্ত হলে দ্বিতীয়বার ডেন–১ আক্রান্ত হবে না। বাকি অন্য তিনটি ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর প্রথম আলোকে বলেন, ২০২১ সালে মানুষ ডেন ৩–এ আক্রান্ত হয়েছিল। এ বছরও যদি ডেন ৩–এর প্রসার ঘটে, তাহলে বুঁকি কম থাকবে।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কী হতে পারে, সেই প্রশ্নের উত্তর না খুঁজে ডেঙ্গু প্রতিরোধে টেকসই ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পানি জমে মশার বংশবৃদ্ধি যাতে না ঘটে, সে ব্যাপারে নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দায়িত্ব নিতে হবে বলে জনস্বাস্থ্যবিদেরা মনে করছেন। অন্যদিকে সিটি করোপেরেশনের দায়িত্ব হবে সরকারি স্থাপনা, রাস্তাঘাট, উন্মুক্ত স্থান কোথাও যেন পানি জমার সুযোগ না হয়। সাধারণ মানুষ ও নগর কর্তৃপক্ষের সচেতন উদ্যোগই ডেঙ্গু প্রতিরোধ করতে পারবে।

অধ্যাপক কবিরুল বাশার বলেন, ব্যক্তিকে নিজ উদ্যোগে নিজের বাড়ি ও আঙিনা মশামুক্ত রাখার পদক্ষেপ নিতে হবে। যাঁরা পানি ধরে রাখেন, তাঁদের উচিত হবে পানির পাত্র প্রতি সপ্তাহে ব্লিচিং পাউডার বা সাবান–পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলা। ছাদবাগানের কোথাও যেন পানি জমার সুযোগ না থাকে, তা প্রতিটি বাগানের মালিক বা ছাদের মালিককে নিশ্চিত করতে হবে।

২৭ এপ্রিল প্রাক্‌–বর্ষা মৌসুমের মশা জরিপের তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার উপকর্মসূচি ব্যবস্থাপক মো. একরামুল হক। অনুষ্ঠানের পরে তিনি প্রথম আলোকে বলেছিলেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাবে কি না, তা নির্ভর করছে তিনটি বিষয়ের ওপর: বৃষ্টি, তাপমাত্রা ও আর্দ্রতা। তবে এই তিনটি চলকের বা ভেরিয়েবলের অনুপাত কী হলে ডেঙ্গু বাড়বে, তা তাঁর কাছ থেকে জানা যায়নি।

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির ওপর মৌসুমি জলবায়ুর চলকের প্রভাব কী পড়তে পারে, তা নিয়ে ৯ মে প্লস গ্লোবাল পাবলিক হেলথ অনলাইনে একটি প্রবন্ধ প্রকাশ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হংকংয়ের সিটি বিশ্ববিদ্যালয়, হংকং বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক এ প্রবন্ধ লিখেছেন। তাঁরা বলছেন, বৃষ্টি হলে মশার প্রকোপ বাড়তে পারে, ডেঙ্গুর ঝুঁকি বাড়ে। বিপুল পরিমাণে বৃষ্টি হলে মশা কমে, ডেঙ্গুর ঝুঁকি কমে। অন্যদিকে দিনের আলো কম থাকলে মশার প্রকোপ বাড়ে। প্রবন্ধকারেরা বলছেন, জলবায়ুর সঙ্গে সম্পর্কিত চলক ব্যবহার করে মৌসুম শুরুর আগেই ডেঙ্গুর প্রকোপের পূর্বাভাস দেওয়া সম্ভব।