ডেট্রয়েটে বাংলা টাউনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশিগানের বৃহত্তম শহর ডেট্রয়েটের শহরতলির নর্থ হ্যামট্রাম্যাকে অবস্থিত বাংলা টাউনের গতকাল শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মিশিগানের গভর্নর রিক স্নাইডার। ডেট্রয়েটের গা ঘেঁষে অবস্থিত এই ‘খুদে শহরের’ অধিকাংশ বাসিন্দা বাংলাদেশ থেকে আসা। সে কারণেই এর নাম বাংলা টাউন। পর্যটকদের কাছে এর গুরুত্বের স্বীকৃতি হিসেবে গভর্নর স্নাইডার ফিতা কেটে একটি বাংলাদেশ-আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির অফিস উদ্বোধন করেন।
মোট ২২ হাজার হ্যামট্রাম্যাকবাসীর মধ্যে ৪১ শতাংশই অভিবাসী। এদের মধ্যে বাংলাদেশ ও অন্য দক্ষিণ এশীয়দের সংখ্যা সাড়ে ৪ হাজার; ২১ দশমিক ৫ শতাংশ। আর শুধু বাংলাদেশিদের সংখ্যা ১৫ শতাংশ। বাংলাদেশিদের উপস্থিতির কারণে হ্যামট্রাম্যাকের সাংস্কৃতিক ও রাজনৈতিক চরিত্র নানাভাবে বদলে যাচ্ছে। গত সপ্তাহে অনুষ্ঠিত সিটি কাউন্সিলের নির্বাচনে এই শহরে প্রথমবারের মতো মুসলমান-প্রধান কমিটি নির্বাচিত হয়েছে। এদের অন্যতম হলেন বাংলাদেশের আনাম মিয়া, যিনি সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন।
বাংলা টাউনের গুরুত্ব উপলব্ধি করে মিশিগানের রাজ্য সরকার একে একটি পর্যটন কেন্দ্র হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে। গভর্নর স্নাইডারের অফিস থেকে জানানো হয়েছে, যাতে আরও পর্যটক ও বিনিয়োগে উৎসাহী বাংলাদেশিদের আকৃষ্ট করা যায়, সে কারণেই এখানে এই নতুন গণসংযোগকারী দপ্তরটি স্থাপিত হলো।
অভিবাসীদের স্বাগত জানাতে ইতিমধ্যে এই রাজ্যে সরকারিভাবে ‘গ্লোবাল ডেট্রয়েট’ নামে একটি সংস্থা গঠিত হয়েছে। তারা জানিয়েছে, বাংলা টাউনকে ‘সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র’ হিসেবে পরিচিত করানো এই সংস্থার কাছে একটি প্রধান বিবেচনা। বাংলা টাউনের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ থেকে একটি রিকশা আমদানি করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র ও প্রাকৃতিক দৃশ্যসংবলিত এই রিকশা ইতিমধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
গ্লোবাল ডেট্রয়েট জানিয়েছে, বাংলা টাউন আমেরিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ বাংলাদেশি ‘খুদে শহর’। তাদের উপস্থিতির কারণের হ্যামট্রাম্যাকে নির্বাচনের সময় বাংলা ব্যালটের ব্যবস্থা আছে। গ্লোবাল ডেট্রয়েট আশা করছে, এই তথ্যকেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ থেকে আগত অভিবাসীরা অধিকসংখ্যায় ডেট্রয়েট ও মিশিগানের অন্যান্য শহরে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেবে।
বাংলা টাউনের উদ্বোধন স্থানীয় বাংলাদেশিদের মধ্যে প্রবল উদ্দীপনার সৃষ্টি করেছে। মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে গবেষণারত বাংলাদেশি ছাত্র সৌরভ প্রথম আলোকে জানান, দেশের ভাজা-পোড়া নানা খাবার খেতে ও নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাইয়ের জন্য বাংলা টাউনের জুড়ি নেই।
অনুষ্ঠানে গভর্নর স্নাইডার বাংলাদেশিদের এই শহরের ‘গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘বাংলাদেশিরা এই শহরকে বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রে তাদের দক্ষতা দিয়ে আরও সমৃদ্ধ করবে। এত বিপুলসংখ্যক সম্মুখদর্শী ও সফল মানুষ মিশিগানকে তাদের স্থায়ী বাসস্থান নির্বাচন করায় আমরা গর্বিত বোধ করছি।’ গভর্নর স্নাইডারের দপ্তর থেকে প্রথম আলোকে জানানো হয়েছে, দুই শর বেশি গণ্যমান্য অতিথির উপস্থিতিতে বাংলা টাউনের উদ্বোধন করা হয়। বাংলা টাউনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে মিশিগানের অভিবাসীদের ক্ষমতায়নে গভর্নর স্নাইডারের প্রশাসন একযোগে কাজ করে যাবে।