ডেথ রেফারেন্স আপিল শুনানি ২ এপ্রিল পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় ১৫২ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি আগামী ২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের চার সপ্তাহ সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চ এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় এই মামলায় ২০১৫ সালের ১৮ জানুয়ারি হাইকোর্টে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর শুনানি শুরু হয়। আসামিদের আপিল-জেল আপিলের ওপরও শুনানি চলছে। গতকাল ৩৫৯তম দিনের শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যার্টনি জেনারেল জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল। আসামিপক্ষে শুনানিতে আছেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান, এ এস এম আবদুল মোবিন, আমিনুল ইসলাম, শামীম সরদার প্রমুখ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল প্রথম আলোকে বলেন, ১৯ ফেব্রুয়ারি শুনানিকালে আদালত ২৮ ফেব্রুয়ারির মধ্যে উভয় পক্ষকে আইনিযুক্তি উপস্থাপন শেষ করতে বলেছিলেন। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ পর্যায়ে। আসামিপক্ষের শেষ হলে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইনি বিষয়ে এর প্রতি-উত্তর দেবেন। ষোড়শ সংশোধনীসহ অন্য মামলায় অ্যাটর্নি জেনারেল ব্যস্ত থাকায় প্রস্তুতির জন্য চার সপ্তাহের সময়ের আবেদন জানানো হয়। আদালত ২ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন, ওই দিন শুনানি হবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ চলাকালে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। একই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। বিচার হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন অস্থায়ী এজলাসে। ঢাকা মহানগর তৃতীয় বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান ২০১৩ সালের ৫ নভেম্বর মামলার রায় ঘোষণা করেন।
রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু (প্রয়াত), স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৭৭ জনকে খালাস দেওয়া হয়।