রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহের হত্যা মামলা
ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ, ১৫ এপ্রিল রায়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদকে হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়েছে। ১৫ এপ্রিল রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার রায়ের এ দিন ধার্য করেন।২০০৮ সালের ২২ মে বিচারিক আদালত অধ্যাপক তাহের হত্যার দায়ে একই বিভাগের এক শিক্ষকসহ চারজনকে মৃত্যুদণ্ড দেন। তবে হত্যা মামলার ছয় আসামির মধ্যে বাকি দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ড. তাহেরের একসময়ের ছাত্র ও পরে বিভাগীয় সহকর্মী মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, নিহত তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর ও তাঁর ভাই শিবিরকর্মী আবদুস সালাম এবং সালামের আত্মীয় নাজমুল। বেকসুর খালাস পান ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাহবুবুল আলম সালেহী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীরের বাবা আজিমুদ্দীন মুন্সী।মামলার অভিযোগপত্রে বলা হয়, অধ্যাপক তাহের বিভাগীয় প্রবীণ শিক্ষক ও বিশেষজ্ঞ সদস্য, পরিকল্পনা কমিটির সদস্য এবং সাক্ষাৎকার বোর্ডের সদস্য ছিলেন। মহিউদ্দিনের চাকরির মেয়াদ ১২ বছর এবং সহকারী অধ্যাপক পদে তাঁর পাঁচ বছর পূর্ণ না হওয়ায় ২০০৫ সালের ৪ আগস্ট পরিকল্পনা কমিটির সভায় অধ্যাপক তাহের তাঁর পদোন্নতির বিষয়ে মতামত দেওয়া থেকে বিরত থাকেন। মহিউদ্দিন পরিকল্পনা কমিটিকে পাশ কাটিয়ে উপাচার্য বরাবর পদোন্নতির জন্য আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী মহল তাহেরের ওপর চাপ সৃষ্টি করেন। মহিউদ্দিনের গবেষণাগুলো ছিল যৌথ। কিন্তু পদোন্নতির জন্য দরকার একক গবেষণা। গবেষণাটি মহিউদ্দিন ও তাঁর বিভাগের সহযোগী অধ্যাপক সুলতান উল ইসলাম যৌথভাবে করলেও মহিউদ্দিন তা একক নামে প্রকাশের চেষ্টা করেন। অধ্যাপক সুলতান অভিযোগ করলে বিভাগীয় পরিকল্পনা কমিটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। মহিউদ্দিন এতে ক্ষিপ্ত হয়ে অধ্যাপক তাহেরকে হত্যার পরিকল্পনা করেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মিয়া মহিউদ্দিন ও শিবিরের তখনকার সভাপতি মাহবুবুল আলম সালেহীর নাম এই হত্যার মামলায় যুক্ত হওয়ায় সারা দেশে তখন তা ব্যাপক আলোচিত হয়। সালেহী বিচারিক আদালতে খালাস পান। তবে রাষ্ট্রপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল করেনি। গতকাল রোববার মিয়া মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে আইনজীবী আনিসুল হক শুনানি করেন। এস এম শাহজাহানও তাঁর পক্ষে শুনানি করেন। অপর দুই আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। আদালত সূত্র জানায়, বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স শুনানির জন্য এটি হাইকোর্টে আসে। এ ছাড়া দণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিরা ২০০৮ ও ২০০৯ সালে জেল আপিল ও আপিল করেন। এর ওপর ফেব্রুয়ারি মাসে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম নাজমুল হক।