ডেথ রেফারেন্স ও আপিলের ওপর যুক্তি উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানসহ অন্য আসামিদের পক্ষে হাইকোর্টে যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার আসামিদের পক্ষে এই যুক্তি উপস্থাপন শুরু হয়। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ, মোহাম্মদ আলী ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসনা বেগম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
গ্রেনেড হামলার এ ঘটনায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ও দেলোয়ার হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। বাকি দুই আসামি হান্নানের ভাই মহিবুল্লাহ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর তিনজনের ডেথ রেফারেন্স হাইকোর্টে যায়। এ ছাড়া অন্য আসামিরা আলাদা আপিল করেন। ওই পাঁচ আসামি বর্তমানে কারাগারে আছেন।
চলতি বছরের ৬ জানুয়ারি হাইকোর্টে এ মামলার শুনানি শুরু হয়। তিন দিনে রাষ্ট্রপক্ষ পেপারবুক উপস্থাপন শেষ করে। বৃহস্পতিবার থেকে আসামি দেলোয়ারের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী এ কে এম ফয়েজ।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এ হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন, আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
ঘটনার দিন সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করে পুলিশ। ২০০৭ সালের ৭ জুন মুফতি আবদুল হান্নান ও তাঁর ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, শরীফ শাহেদুল আলম এবং দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের ৩১ জুলাই ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে ২০০৮ সালের ১১ মার্চ মুফতি মঈন উদ্দিনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৮ সালের ২৩ ডিসেম্বর নিম্ন আদালত রায় ঘোষণা করেন।