ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ১১ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সবজি বিক্রেতা শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও নয়জন আসামির করা আপিলের ওপর আগামী ১১ এপ্রিল রায় দেবেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার শুনানি শেষে রায়ের এই দিন ধার্য করেন।
গত ৩০ জানুয়ারি পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে। ১৯তম দিনে গতকাল শুনানি শেষ হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির, সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুর রশিদ, এস এম আবুল হোসেন, বেলায়েত হোসেন ও শহিদ উদ্দিন চৌধুরী। পলাতক পাভেল আহমদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত হিসেবে শুনানি করেন আইনজীবী হাসনা বেগম।
পরে সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম প্রথম আলোকে বলেন, ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট ১১ এপ্রিল রায়ের জন্য দিন ধার্য করেছেন। তিনি বলেন, রাজন হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে ১০ আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, তিনজনকে সাত বছর করে এবং অপর দুজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পলাতক পাভেল আহমেদ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি আপিল ও জেল আপিল করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নূর মিয়াসহ বিভিন্ন মেয়াদে দণ্ডিত ব্যক্তিরাও আপিল করেন, এসবের ওপর শুনানি শেষ হয়।
সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগে ২০১৫ সালের ৮ জুলাই শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। সেই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। তদন্ত শেষে ওই বছরের ১৬ আগস্ট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের ৮ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। রায়ে কামরুল ইসলাম, ময়না চৌকিদার, তাজউদ্দিন আহমদ বাদল ও জাকির হোসেন পাভেল আহমদের ফাঁসির আদেশ হয়। কামরুলের সহযোগী নূর মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং কামরুলের তিন ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদকে (পলাতক) সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এক বছর করে দণ্ড হয় দুলাল আহমদ ও আয়াজ আলীর। পরে আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরা আপিল ও জেল আপিল করেন।