ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ২৩ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের তারিখ ২৩ জানুয়ারি ধার্য করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ের গঠিত হাইকোর্ট বেঞ্চ নবম দিনের মতো শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন।
বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির ডেথ রেফারেন্স ও দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ৬ আসামির করা আপিলের ওপর শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার। আসামি পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, আব্দুল মতিন খসরু, এ এস এম আব্দুল মোবিন প্রমুখ।
পরে আইনজীবী কে এম জাহিদ সারোয়ার প্রথম আলোকে বলেন, গত বছরের শেষ দিকে পাঁচ আসামির ডেথ রেফারেন্স ও ছয় আসামির আপিলের ওপর শুনানি শুরু হয়। নবম কার্যদিবসে আজ শুনানি শেষে হাইকোর্ট ২৩ জানুয়ারি রায়ের তারিখ ধার্য করেছেন।
এর আগে ওই হত্যা মামলায় ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত রায় দেন। রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচজন হলেন খন্দকার আশিকুল ইসলাম, রাশেদুল ইসলাম, জাহিদ হাসান, মাহবুব আকরাম ও খান মোহাম্মদ রইস। এঁদের মধ্যে রাশেদুল ইসলাম আপিল করেন, অপর চার আসামি পলাতক বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে পাঁচজন আপিল করেছেন। অপর এক আসামি পলাতক বলে রাষ্ট্রপক্ষ জানায়। যাবজ্জীবন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা পাঁচ আসামি হলেন, মাজহারুল ইসলাম, শফিউল আলম, নাজমুস সাকিব, কামরুজ্জামান ও অভিনন্দন কুণ্ডু। যাবজ্জীবনপ্রাপ্ত ও পলাতক হলেন ইশতিয়াক মেহবুব। আসামিরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী।
২০১২ সালের ৮ জানুয়ারি জুবায়েরকে ছাত্রলীগের প্রতিপক্ষের নেতা-কর্মীরা ক্যাম্পাসে কুপিয়ে জখম করেন। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মদিনাবাগ নাবলাপাড়ার মো. তোফায়েল আহমেদের ছেলে তিনি।