১৬ বছর আগে রাজধানীর রমনা বটমূলে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় মুফতি আবদুল হান্নানসহ আট আসামির ডেথ রেফারন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষ পর্যায়ে রয়েছে। এই মামলায় আগামী ১৪ মার্চ শুনানির জন্য পরবর্তী দিন রেখেছেন হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। ১৪ মার্চ রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইনগত দিক উপস্থাপন করবেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।
ওই ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর গত ৮ জানুয়ারি হাইকোর্টে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ বলেছে, ডেথ রেফারেন্স, ছয় আসামির আপিল ও তিন আসামির জেল আপিলের ওপর শুনানি হচ্ছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, মোহাম্মদ আলী প্রমুখ।
ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, অ্যাটর্নি জেনারেল আইনগত দিক উপস্থাপন করবেন, সে জন্য সময় চাওয়া হয়। তিনি আশা করছেন, সেদিন শুনানি শেষে আদালত রায় ঘোষণা করবেন।
২০০১ সালে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত হন ১০ জন। এই হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালত রায়ে হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত অন্য সাতজন হলেন আকবর হোসেন, আরিফ হাসান সুমন, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই ও শফিকুর রহমান।