রাজধানীর লালবাগের আলোচিত সাত খুনের মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ওপর শুনানি শেষে রায় প্রদান চলছে। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করছেন।
আজ বৃহস্পতিবার রায় ঘোষণা শেষ হতে পারে বলে জানিয়েছেন ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। তিনি বলেন, গত রোববার থেকে রায় দেওয়া শুরু হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরের দিন লালবাগ এলাকায় পরাজিত কমিশনার পদপ্রার্থী বিএনপির নেতা আবদুল আজিজ তাঁর কর্মীদের নিয়ে বিজয়ী কমিশনারের সমাবেশে এলোপাতাড়ি গুলি চালান। এতে লালবাগ এলাকার দেলোয়ার, গাজী, নজরুল, আনোয়ার, হাফিজ, আজিজ ও শাহ আলম নিহত হন। ঘটনার পর বিজয়ী কমিশনার হুমায়ুন কবির ১৯ আসামির নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। তখন থেকে মামলাটি ‘সেভেন মার্ডার’ হিসেবে পরিচিতি পায়।
বিচার চলাকালে আসামি আবদুল মজিদ মৃত্যুবরণ করেন। আবদুল মজিদ মামলার অন্যতম আসামি আজিজের বাবা। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা জজ আদালত ২০০৮ সালের ৭ মে রায় দেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড, নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আট আসামিকে খালাস দেওয়া হয়।
ফাঁসির দণ্ড পাওয়া দুই আসামি হলেন আব্দুস ছালাম ওরফে মতি ও জাহিদ হোসেন ওরফে নাটকা বাবু (উভয়েই কারাগারে)।