
আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের রায় ঘোষণার জন্য ১৫ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বুধবার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মঞ্জু নাজনীন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিন ঠিক করেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসান উল্লাহ মাস্টারকে। এ ঘটনায় করা হত্যা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে মামলার আসামি বিএনপির নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এই ২৮ জনের মধ্যে দুজন মারা গেছেন। বাকি ২৬ জনের মধ্যে ১৭ জন কারাগারে আটক আছেন, নয়জন পলাতক।
২০০৫ সালে নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে যায়। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ডেথ রেফারেন্স, জেল আপিল ও আসামিদের আপিলের শুনানি শুরু হয়। গতকাল এই শুনানি শেষ হয়।