ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের রায় ২ এপ্রিল। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার রায়ের এ দিন ধার্য করেন।
গত ৯ জানুয়ারি ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এরপর গতকাল আদালত রায়ের দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল জহিরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম। আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খান, মো. আহসান উল্লাহ, মোশাররফ হোসেন ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এস এম শফিকুল ইসলাম।
সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের মধ্যে আসামি রানা আপিল করেননি। তবে সাজা বাতিল চেয়ে রানার করা আবেদনে হাইকোর্টের অপর একটি বেঞ্চ রুল দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর এক আসামি ফয়সাল বিন নাঈম ওরফে দীপসহ সাতজন আপিল করেন। ডেথ রেফারেন্সের সঙ্গে অপর সাত আসামির আপিল, জেল আপিল এবং ছয় আসামির সাজা বৃদ্ধি চেয়ে রাজীবের বাবা নাজিম উদ্দিনের করা রিভিশন আবেদনের ওপর ওই দিন রায় দেবেন আদালত।