ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ৪ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় শিশু রাকিব হাওলাদার হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর ৪ এপ্রিল রায়ের তারিখ ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম। আসামি শরীফের পক্ষে ছিলেন আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও মিন্টুর পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম আবদুল মুবিন।

পরে সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম প্রথম আলোকে বলেন, ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর ১১তম দিনে গতকাল শুনানি শেষ হয়। আদালত ৪ এপ্রিল রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন।

২০১৫ সালের ৮ নভেম্বর বিচারিক আদালতের রায়ে এই মামলায় শরীফ মোটরসের মালিক ওমর শরীফ ও তাঁর সহযোগী মিন্টুকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এর বিরুদ্ধে আসামিরা আপিল ও জেল আপিল করেন। পাশাপাশি আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) শুনানির জন্য হাইকোর্টে আসে। বিচারিক আদালতের রায় ঘোষণার ১৪ মাসের মাথায় অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ আদালতে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর ১০ জানুয়ারি শুনানি শুরু হয়।

২০১৫ সালের ৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামে এক মোটরসাইকেলের গ্যারেজে রাকিবের মলদ্বারে কমপ্রেশার মেশিনের মাধ্যমে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়। পরের দিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে শরীফ, শরীফের সহযোগী মিন্টু খান ও মা বিউটি বেগমের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার ৯৬ দিনে বিচারপ্রক্রিয়া শেষে একই বছরের ৮ নভেম্বর রায় দেন খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক। এরপর রায়সহ মামলার নথিপত্র ওই বছরের ১০ নভেম্বর হাইকোর্টে এসে পৌঁছে ও ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত হয় ও হাইকোর্টের ওই বেঞ্চে শুনানির জন্য আসে।