ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদকে হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে গত বৃহস্পতিবার শুনানি গ্রহণ করেন। আদালত ৩১ মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য রেখেছেন। ২০০৮ সালের ২২ মে বিচারিক আদালত অধ্যাপক তাহের হত্যার দায়ে একই বিভাগের শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিনসহ চারজনকে মৃত্যুদণ্ড দেন। বাকিরা হলেন অধ্যাপক তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম, তাঁর ভাই শিবিরের কর্মী আবদুস সালাম ও তাঁদের আত্মীয় নাজমুল। বাকি দুই আসামি ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাহবুবুল আলম সালেহী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীরের বাবা আজিমুদ্দীন মুন্সিকে খালাস দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক। আসামিপক্ষে আইনজীবী এস এম শাহজাহান ও তাজুল ইসলাম শুনানি করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, অধ্যাপক তাহের বিভাগীয় প্রবীণ শিক্ষক ও বিশেষজ্ঞ সদস্য, পরিকল্পনা কমিটির সদস্য এবং সাক্ষাৎকার বোর্ডের সদস্য ছিলেন। মহিউদ্দিনের চাকরির মেয়াদ ১২ বছর এবং সহকারী অধ্যাপক পদে তাঁর পাঁচ বছর পূর্ণ না হওয়ায় ২০০৫ সালের ৪ আগস্ট পরিকল্পনা কমিটির সভায় অধ্যাপক তাহের তাঁর পদোন্নতির বিষয়ে মতামত দেওয়া থেকে বিরত থাকেন। মহিউদ্দিন পরিকল্পনা কমিটিকে পাশ কাটিয়ে উপাচার্য বরাবর পদোন্নতির জন্য আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী মহল তাহেরের ওপর চাপ সৃষ্টি করেন। মহিউদ্দিনের গবেষণাগুলো ছিল যৌথ। কিন্তু পদোন্নতির জন্য দরকার একক গবেষণা। গবেষণাটি মহিউদ্দিন ও তাঁর বিভাগের সহযোগী অধ্যাপক সুলতান উল ইসলাম যৌথভাবে করলেও মহিউদ্দিন তা একক নামে প্রকাশের চেষ্টা করেন। অধ্যাপক সুলতান অভিযোগ করলে বিভাগীয় পরিকল্পনা কমিটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। মহিউদ্দিন এতে ক্ষিপ্ত হয়ে অধ্যাপক তাহেরকে হত্যার পরিকল্পনা করেন।আদালত সূত্র জানায়, অভিযোগ অনুসারে ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাত আটটা থেকে ৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক আটটার মধ্যে ড. তাহেরকে নৃংশসভাবে হত্যা করা হয়। ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে নিজ বাসভবনের বাইরে ম্যানহোলে অধ্যাপক তাহেরের লাশ পাওয়া যায়।