পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিলের ওপর শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপার বুক (মামলার বৃত্তান্ত) প্রস্তুত করা হয়েছে। এখন শুনানি শুরুর অপেক্ষা।
গতকাল রোববার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির নির্দেশের পর ওই হত্যা মামলার পেপার বুক অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়। এরপর সরকারি ছাপাখানা থেকে তা ছাপা হয়ে গতকাল এসে পৌঁছায়। অগ্রাধিকার ভিত্তিতে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি হবে কি না, সে জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হয়েছে। প্রধান বিচারপতি বেঞ্চ নির্ধারণ করে দিলে হাইকোর্টের নির্ধারিত বেঞ্চে এর ওপর শুনানি শুরু হবে। ডেথ রেফারেন্সের সঙ্গে আসামিদের আপিল ও জেল আপিল রয়েছে ১৪টি।
বিচারিক আদালত ২০১৩ সালের ১৮ ডিসেম্বর এই হত্যা মামলার রায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আট কর্মীকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১৩ কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, রাশেদুজ্জামান, ইমদাদুল হক, কাইয়ুম মিয়া, সাইফুল ইসলাম, রাজন তালুকদার (পলাতক) ও নূরে আলম (পলাতক)। যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আসামিদের মধ্যে কিবরিয়া ও গোলাম মোস্তফা ছাড়া বাকিরা পলাতক।
২০১২ সালের ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে সকাল নয়টার দিকে বিএনপি-সমর্থক আইনজীবীরা জজকোর্ট এলাকা থেকে মিছিল বের করেন। একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অবরোধবিরোধী মিছিল রায়সাহেব বাজার মোড় ঘুরে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। বাহাদুর শাহ পার্কের কাছে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ছাত্রলীগের মিছিল থেকে কয়েকজন এ সময় পথচারী বিশ্বজিৎকে (২৪) ধাওয়া করেন এবং তাঁকে নৃশংসভাবে কোপান ও পেটান। পরে মিটফোর্ড হাসপাতালে তাঁর মৃত্যু হয়।