ডেথ রেফারেন্স শুনানির জন্য পেপারবুক প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক (মামলার বৃত্তান্ত) তৈরি হয়েছে। সরকারি ছাপাখানা থেকে পেপারবুক গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছায়।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বলেন, অগ্রাধিকার ভিত্তিতে দুই মামলার জন্য ছাপা পেপারবুক এসে পৌঁছেছে। প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে প্রধান বিচারপতির কাছে বিষয়টি উপস্থাপন করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টে বেঞ্চ নির্ধারণ করে দিলে ওই বেঞ্চে বিষয়টি শুনানির জন্য যাবে।

সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, বিচারিক আদালতের রায়ের পর প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে দুই মামলার পেপারবুক প্রস্তুত করতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। দুই মামলায় পেপারবুকে পৃষ্ঠাসংখ্যা ৬ হাজার। সঙ্গে রয়েছে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল। দুই মামলায় দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ২২ আসামি আপিল করেছেন। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি লাশ, পরদিন মেলে আরেকটি লাশ।