নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা দুই মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর উচ্চ আদালতে অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গতকাল বুধবার বেঞ্চ নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তাফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসবের ওপর শুনানি হবে।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বলেন, ওই দুই মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের ওই বেঞ্চ নির্ধারণ করেছেন। ডেথ রেফারেন্স ও আপিল এই বেঞ্চের কার্যতালিকায় আসবে। আদালত যেদিন শুনানির দিন ধার্য করবেন, সেদিন থেকে শুনানি শুরু হবে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তাঁদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। সাত খুনের ঘটনায় দুটি মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ গত ১৬ জানুয়ারি রায় দেন। রায়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, র্যাবের বরখাস্ত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ৩৫ আসামির মধ্যে অপর নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের রায় ও নথি গত ২২ জানুয়ারি হাইকোর্টে পৌঁছায় এবং তা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা আপিল করেন।
প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে এ দুই মামলার পেপারবুক প্রস্তুত করতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। সরকারি ছাপাখানা থেকে পেপারবুক ছাপা হয়ে ৭ মে সংশ্লিষ্ট শাখায় পৌঁছায়। সূত্র বলেছে, শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়ে আদেশের জন্য ডেথ রেফারেন্স দুটি হাইকোর্টের অপর এক বেঞ্চে ওঠে। গত মঙ্গলবার এই বেঞ্চ পলাতক পাঁচ আসামির জন্য সাত দিনের মধ্যে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের নির্দেশ দেন। তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত হিসেবে গতকাল দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।