ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টের কার্যতালিকায় উঠেছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের কার্যতালিকায় এক ও দুই নম্বর ক্রমিকে দুটি ডেথ রেফারেন্স আদেশের জন্য রয়েছে। দ্বৈত বেঞ্চে রয়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন।
ওয়েবসাইটের তথ্য অনুসারে, ‘রাষ্ট্র বনাম লে. কর্নেল (অব.) তারেক সাঈদ এবং ২৫ অন্যান্য’ নামে প্রথম ক্রমিকে ৩/২০১৭ নম্বর এবং দ্বিতীয় ক্রমিকে ৪/২০১৭ নম্বর ডেথ রেফারেন্সটি রয়েছে।
ওই মামলায় আসামিদের ডেথ রেফারেন্স শুনানির পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে পেপারবুক (মামলার বৃত্তান্ত) তৈরি হয়েছে, যা ৭ মে সরকারি ছাপাখানা থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছে।
একটি সূত্র জানায়, শুনানির পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে মামলায় পলাতক আসামি বা যাঁরা আপিল করেননি, তাঁদের ক্ষেত্রে আইনজীবী নিয়োগ বিষয়ে প্রয়োজনীয় আদেশের জন্য সাধারণত ডেথ রেফারেন্স এ পর্যায়ে আদালতে পাঠানো হয়ে থাকে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি লাশ, পরদিন মেলে আরেকটি লাশ। সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। এই দুই মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ গত ১৬ জানুয়ারি রায় দেন। রায়ে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যা বের বরখাস্তকৃত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলায় ৩৫ জন আসামির মধ্যে অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এরপর বিচারিক আদালতের রায় ও নথি গত ২২ জানুয়ারি হাইকোর্টে পৌঁছে, তা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।