পিলখানা হত্যা মামলায় ১৫২ জন আসামির ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর যুক্তি উত্থাপন আজ রোববার শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষ আগামীকাল সোমবার থেকে যুক্তি উত্থাপন শুরু করবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার প্রথম আলোকে এ তথ্য জানান।
বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে ১৫২ আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি চলছে।
চলতি বছরের ১৮ জানুয়ারি হাইকোর্টে পিলখানা হত্যা মামলার শুনানি শুরু হয়। ১ নভেম্বর রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার বৃত্তান্ত ও রায়সহ বই) উপস্থাপন শেষ করে। ৮ নভেম্বর থেকে যুক্তি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ।
২০০৯ সালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নিম্ন আদালত। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে যায়, বিভিন্ন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করে আসামিপক্ষ। এ ছাড়া ৬৯ জনকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।