ডেথ রেফারেন্সের ওপর শুনানি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানি অব্যাহত রয়েছে। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে অভিযোগপত্র উপস্থাপন করে। প্রথম দিন রাষ্ট্রপক্ষ মামলার প্রাথমিক তথ্য বিবরণী তুলে ধরে তা পড়ে শোনায়। এই মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানির জন্য চলতি মাসে বিশেষ বেঞ্চ গঠন করা হয়। পরে ৫ জানুয়ারি আদালত ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।
গতকাল রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও মোশাররফ হোসেন সরদার। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আমিনুল ইসলাম ও শামীম সরদার। পরে জাহিদ সারওয়ার প্রথম আলোকে বলেন, পেপারবুক (মামলার বৃন্তান্ত ও রায়সহ বই) থেকে প্রাথমিক তথ্য বিবরণী উপস্থাপনের পর অভিযোগপত্র উপস্থাপন শুরু হয়েছে। আজ মঙ্গলবার শুনানি হবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ওই ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দেওয়া হয়।