ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে শুনানি গ্রহণ শুরু হয়েছে। নিম্ন আদালতের রায় ঘোষণার ১০ মাসের মাথায় উচ্চ আদালতে এ শুনানি শুরু হলো।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার প্রথম দিনের শুনানি গ্রহণ করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে উপস্থাপন করে। আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য রয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক। এক আসামির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খান।
পরে আতিকুল হক প্রথম আলোকে বলেন, ‘পেপারবুক থেকে এজাহার, অভিযোগপত্র ও অভিযোগ গঠনের আদেশ পড়ে শুনিয়েছি। মঙ্গলবারও শুনানি হবে। আট আসামির মধ্যে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি (রানা) এবং তিন বছরের কারাদণ্ড পাওয়া (সাদমান) আপিল করেননি। অপর ছয় আসামির আপিল ও জেল আপিল শুনানির জন্য রয়েছে।’
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ রায় দেন। রায়ে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রেদোয়ানুল আজাদ রানা (পলাতক) ও ফয়সাল বিন নাঈম ওরফে দীপকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।