বেঞ্চ পুনর্গঠন ডেথ রেফারেন্সের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানি শুরু হয়েছে। বিচারপতি শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ গতকাল রোববার প্রথম দিনের মতো শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার।
এই মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়। এরপর ৫ জানুয়ারি বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসে। ওই দিন পেপারবুক (মামলার বৃন্তান্ত ও রায়সহ বই) প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট শাখা থেকে সময় চাওয়া হলে আদালত ১৮ জানুয়ারি দিন ধার্য করেন।
গতকাল বিষয়টি শুনানির জন্য আসে। দৈনন্দিন কার্যতালিকায় দেখা যায়, বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের স্থলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বেঞ্চে রয়েছেন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, আমিনুল ইসলাম ও শামীম সরদার। আজ শুনানি হবে।
জাহিদ সারওয়ার বলেন, বিচারপতি মোস্তফা জামান ইসলামের স্থলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারকে যুক্ত করে বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষ শুনানিতে মামলার প্রাথমিক তথ্যবিবরণী পড়ে শোনায়। তিনি জানান, ডেথ রেফারেন্সের সঙ্গে ১১৪টি আপিল ও ১৪১টি জেল আপিল শুনানির জন্য রয়েছে। পাশাপাশি ৬৯ জন আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের একটি আপিল শুনানির জন্য রয়েছে।
২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ওই ঘটনায় হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দেওয়া হয়। রায়ের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করে আসামিপক্ষ। খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।