গাজীপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হওয়ার মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল ও জেল আপিলের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।
রাষ্ট্রপক্ষ থেকে আদালত পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে এজাহার, অভিযোগপত্র ও ৭০ জনের সাক্ষ্য পড়ে শোনানো হয়েছে। আজ বৃহস্পতিবারও মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) শহীদুল ইসলাম খান।
মামলার প্রাথমিক বিবরণী থেকে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতি কার্যালয়ে বোমা হামলায় নিহত হন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন। ওই ঘটনায় আরও মারা যান গোলাম ফারুক, নুরুল হুদা ও আনোয়ারুল আজিমসহ আটজন। বোমা হামলাকারী নিজেও নিহত হন।
এ হত্যা মামলায় ২০১৩ সালের ২০ জুন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১০ সদস্যকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন এনায়তুল্লাহ ওরফে ওয়ালিদ, আরিফুর রহমান, মসিদুল ইসলাম, সাইদুর রহমান মুন্সি, আবদুল্লাহ আল হোসাইন, নিজামুদ্দিন রেজা, তৈয়বুর রহমান, আশরাফুল ইসলাম, শফিউল্লাহ ও আদনান সামি। এই ১০ জন কারাগারে আছেন।