ডেনমার্কে আরও একটি জাহাজ রপ্তানি করল আনন্দ শিপইয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তৈরি বহুমুখী পণ্যবাহী জাহাজ ‘স্টেলা মুন’ ডেনমার্কে রপ্তানি করা হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম ড্রাইডকে এক অনুষ্ঠানের মাধ্যমে ডেনমার্কের স্টেলা শিপিং কোম্পানির প্রতিনিধি মাইকেল সরেনসেনের কাছে জাহাজটি হস্তান্তর করা হয়। প্রায় সাড়ে সাত মিলিয়ন মার্কিন ডলার দামের জাহাজটি দুই-এক দিনের মধ্যে ডেনমার্কের উদ্দেশে যাত্রা শুরু করবে। নারায়ণগঞ্জের মেঘনাঘাটের আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়ে লিমিটেড এটি তৈরি করেছে। এর আগে প্রতিষ্ঠানটি ডেনমার্কে একটি এবং মোজাম্বিকে ছয়টি জাহাজ রপ্তানি করেছে। বহুমুখী পণ্য পরিবহনের উপযোগী জাহাজ স্টেলা মুনে একই সঙ্গে কনটেইনার এবং খাদ্যশস্য পরিবহন করা যাবে। জাহাজটির ধারণক্ষমতা দুই হাজার ৯০০ টন।অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ, চট্টগ্রাম ড্রাইডকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনামুল বাকী, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহ হেল বারীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।