ডেনমার্কে রপ্তানি হচ্ছে আরেকটি জাহাজ
বাংলাদেশে তৈরি আরেকটি জাহাজ রপ্তানি হচ্ছে ডেনমার্কে। আজ শনিবার চট্টগ্রামের ড্রাই ডক ইয়ার্ডে ডেনমার্কের স্টিলা শিপিং কোম্পানির কাছে ‘স্টিলা মুন’ নামের এ জাহাজ হস্তান্তর করা হবে। নারায়ণগঞ্জের মেঘনাঘাটের আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড এ জাহাজ রপ্তানি করছে। এটা হবে বাংলাদেশে নির্মিত অষ্টম জাহাজের রপ্তানি।গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহ হেল বারী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী। এ সময় নির্বাহী পরিচালক মো. তারিকুল ইসলাম, পরিচালক ফাহমিদা বুলবুল উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববাজারে প্রায় ৪০ হাজার কোটি ডলারের ছোট জাহাজের চাহিদা রয়েছে। এ চাহিদার সামান্য পরিমাণও এ দেশের জাহাজশিল্প খাত ধরতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে।