ডেনমার্কের রাষ্ট্রদূত ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার পরিদর্শনে
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজের সব স্তরে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর জোর দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হান ফুজল এসকায়ার। নির্যাতনের বিরুদ্ধে নারীদের আরও প্রতিবাদী হওয়ার আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) কার্যক্রম পরিদর্শন করতে এসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত। নির্যাতিত নারী ও শিশুদের সেবা দেওয়ার ক্ষেত্রে ওসিসির ভূমিকার প্রশংসা করেন তিনি। নির্যাতনের শিকার ব্যক্তিরা যাতে নির্ভয়ে এসব সেন্টারে আসতে পারেন, সে জন্য এর কার্যক্রমের বিষয়টি আরও প্রচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন হান ফুজল এসকায়ার। এ সময় তিনি ওসিসির সদস্য ও সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহীদুল গণি ও ওসিসির সমন্বয়ক শিব প্রসাদ নন্দী। নারী নির্যাতন প্রতিরোধে ওসিসির কার্যক্রম তুলে ধরেন প্রকল্প পরিচালক আবুল হোসেন।