রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ছাত্রীদের আবাসন সুবিধার দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডেন্টাল ছাত্রীরা। এ ছাড়া তাঁরা ওই দাবিসংবলিত একটি স্মারকলিপি অধ্যক্ষের কাছে দিয়েছেন।
ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে গতকাল সকাল নয়টায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন শেষ বর্ষের ছাত্রী সুমাইয়া বিনতে কাশেম ও মুনতাহা তানজিম, চতুর্থ বর্ষের আনজুম রাফা, তৃতীয় বর্ষের সাবিহা জান্নাত, দ্বিতীয় বর্ষের মাহবুবা আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ডেন্টাল ছাত্রীদের জন্য পৃথক কোনো ছাত্রীনিবাস নেই। এমবিবিএস ছাত্রীদের একটিমাত্র ছাত্রীনিবাসের টিভি কক্ষ, বিশ্রামাগারে গাদাগাদি করে থাকতে হয়। এ কারণে লেখাপড়ার বিঘ্ন ঘটে। পরে তাঁরা অধ্যক্ষের কাছে এসব দাবিসংবলিত স্মারকলিপি দেন।