ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমান আর নেই
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নজীবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
আমিন উদ্দিন মানিক প্রথম আলোক বলেন, নজীবুর রহমান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। বৃহস্পতিবার ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণায় আইনজীবীদের অগ্রভাগে র্যালিতে ছিলেন।
র্যালিতে থাকা শেখ ফজলে নূর তাপসের নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী কে এম ফয়েজ প্রথম আলোকে বলেন, র্যালি নিউমার্কেটের কাছে এলে হঠাৎ নজীবুর ঢলে পড়েন। পরে পার্শ্ববর্তী ল্যাবএইড হাসপাতালে তাঁকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।
নজীবুর রহমান ১৯৫৯ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
আমিন উদ্দিন মানিক জানান, শুক্রবার জুমার নামাজের পর হাজারীবাগ তিন মাজার মসজিদে প্রথম ও আসর নামাজের পর মরহুমের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।