ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ১০ ট্রাক অস্ত্র মামলার পিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর কার্যালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১৯৭২-এর ৩(২) অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল উদ্দিন আহাম্মদকে পুনঃ আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর এ কে এম সলিমউল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে।
যোগাযোগ করা হলে কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘নিয়োগসংক্রান্ত চিঠি পেয়েছি এবং যোগদান করেছি।’
অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র জানায়, এ নিয়ে ডেপুটি অ্যাটর্নির সংখ্যা দাঁড়াল ৬২ জনে।