ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদের সম্মানে বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী আইনজীবী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা আওয়ামী আইনজীবী সমিতির সহসভাপতি সাইদুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন সংবর্ধনা অনুষ্ঠানের জন্য নির্ধারিত মাঠের অনুমতি প্রত্যাহার করে নেওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হলো। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই স্থানে পাথরঘাটা পৌর আওয়ামী লীগ পাল্টা সভা ডাকায় প্রশাসন সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার করে নিয়েছে। দুই পক্ষের উত্তেজনা প্রশমনে প্রশাসন কয়েক দফা বৈঠক করেও ব্যর্থ হয়েছে। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন গত শনিবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার করে নেন। গতকাল বিকেলে পাথরঘাটা খাসকাচারি মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠান স্থগিত করায় পৌর আওয়ামী লীগও তাদের সভা বাতিল করেছে।জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকন মো. সহিদ প্রথম আলোকে বলেন, আওয়ামী আইনজীবী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে বরগুনা-২ আসনের (বামনা, পাথরঘাটা ও বেতাগী) সাংসদ গোলাম সবুরকে আমন্ত্রণ না জানানোয় এ অনুষ্ঠান বানচাল করার জন্য কিছু অতি উ ৎ সাহী নেতা-কর্মী প্রতিবাদ সভা ডেকেছিলেন। প্রতিবাদ সভা আহ্বানকারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, আওয়ামী আইনজীবী পরিষদ আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন। সেখানে একটি সংবর্ধনা সভায় স্থানীয় সাংসদকে অতিথি না করাটা সমীচীন হয়নি। তাই পাল্টা সভা ডাকা হয়েছিল। এ ব্যাপারে কথা বলতে গতকাল রাতে সাংসদ গোলাম সবুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।