ডেপুটি স্পিকারের চিঠিতে পুলিশ তদন্ত কেন্দ্র বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালু থাকলে সরকারি অর্থের অপচয় হবে—এমন অভিযোগ করে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর পুলিশ তদন্ত কেন্দ্র বন্ধ করে দেওয়ার প্রস্তাব করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। তাঁর প্রস্তাবের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।এভাবে তদন্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া নিয়ে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বিস্মিত। পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে এখন থানা-ফাঁড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে, সেখানে একটি তদন্ত কেন্দ্র প্রত্যাহারের বিষয়টি তাঁদের হতবাক করেছে। এ ব্যাপারে জানতে চাইলে ডেপুটি স্পিকার ও স্থানীয় সাংসদ শওকত আলী প্রথম আলোকে বলেন, মানুষের ওপর জুলুম করার জন্য একটি মহল সেখানে তদন্ত কেন্দ্র স্থাপন করেছিল। এর কোনো প্রয়োজন নেই। এ কারণে তিনি প্রত্যাহার করে নিতে বলেছেন। এ পর্যন্ত তদন্ত কেন্দ্র কী ধরনের জুলুম করেছে, জানতে চাইলে ডেপুটি স্পিকার বলেন, এলাকায় খোঁজ করলেই জানতে পারবেন।শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০০৮ সালের ২৯ মে ভোজেশ্বর বন্দরে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা হয়। ভোজেশ্বর, বিঝারী, ফতেজঙ্গপুর, চামটা, জপসা ও নশাসন—এ ছয়টি ইউনিয়নে এর কার্যক্রম চলে। বর্তমানে এখানে একজন সহকারী উপপরিদর্শক ও আটজন কনস্টেবল কর্মরত আছেন। আগে পুলিশ তদন্ত কেন্দ্রটি ভোজেশ্বর উচ্চবিদ্যালয় ভবনের দুটি কক্ষে ছিল। পরে স্থানীয় লোকজন পাঁচ লাখ টাকা চাঁদা তুলে তিনটি কক্ষ নির্মাণ করে দিয়েছে। শরীয়তপুরের পুলিশ সুপারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কেন্দ্রের ভবন নির্মাণের জন্য ১০ কাঠা জমির প্রশাসনিক মঞ্জুরি প্রদান করে। এই কেন্দ্রটি স্থাপনের ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তা উদ্যোগ গ্রহণ করেছিলেন। জেলা পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান বলেন, এ সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য তিনি চিঠি দিয়েছেন। ভোজেশ্বর বাজারের স্বর্ণ ব্যবসায়ী লিটন কর্মকার বলেন, ভোজেশ্বর বাজারে গত কয়েক বছরে অনেকবার দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। চুরি ও ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটত। পুলিশ তদন্ত কেন্দ্রটি থাকার কারণে এসব অপরাধ বন্ধ হয়েছিল।