ডেপুটি স্পিকারের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি ডেপুটি স্পিকারসহ ৯ সাংসদ’ শিরোনামে গতকাল ১৫ মে বৃহস্পতিবার প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি ফজলে রাব্বী মিয়া।
প্রতিবাদপত্রে ডেপুটি স্পিকার বলেন, নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময় ছিল গত ৭ ফেব্রুয়ারি৷ কিন্তু ৭ ও ৮ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) হওয়ায় ৯ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর হিসাব জমা দেওয়া হয়। তাঁর কাছে এ-সংক্রান্ত প্রমাণাদি রয়েছে। তিনি দাবি করেন, এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
প্রতিবেদকের বক্তব্য: প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাবসংক্রান্ত নির্বাচন কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে, গাইবান্ধা-৫ আসনের সাংসদ ফজলে রাব্বী মিয়া নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব জমা দেননি। তিনি হিসাব জমা দিয়েছেন ১৭ ফেব্রুয়ারি। কমিশনের নথিপত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথম আলোর প্রতিবেদনটি লেখা হয়৷