ডেপুটি স্পিকারের বাসভবনের কাছে বোমাসদৃশ বস্তু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ভবন এলাকায় ডেপুটি স্পিকার শওকত আলীর বাসভবনের কাছের পানির পাম্পসংলগ্ন একটি ঘর থেকে গতকাল সোমবার বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। সংসদের পানির পাম্পসংলগ্ন একটি ঘর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, দুপুরের দিকে অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে পুলিশের এক কনস্টেবলের মুঠোফোনে একটি খুদে বার্তা (এসএমএস) আসে। ওই খুদে বার্তায় বলা হয়, সংসদ ভবনের পানির পাম্প এলাকায় একটি বোমা আছে। এতে পুলিশ সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কিছু পায়নি। পরে ওই মুঠোফোন নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি জানান, পাম্পসংলগ্ন ঘরে থাকা খাটের নিচে বোমাটি আছে। এরপর পুলিশ সেখানে গিয়ে দেখে ঘরটি তালাবদ্ধ। পরে তালা ভেঙে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
বিপ্লব কুমার সরকার বলেন, পানির পাম্পের কর্মচারীরা ঈদের ছুটিতে থাকায় ঘরটি বন্ধ ছিল। তবে ওই বস্তুটি বোমা নয়। কেউ ভীতির সঞ্চার করার জন্য ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে বরে মনে হচ্ছে। মুঠোফোনে খবর দেওয়া ব্যক্তিকে খোঁজা হচ্ছে।
পুলিশ জানায়, বস্তুটি তামার তার ও টেপ দিয়ে প্যাঁচানো ছিল। খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
ডিবির এডিসি ছানোয়ার হোসেন বলেন, বস্তুটি বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।