ডেভিড ক্যামেরন ঢাকায়
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দুদিনের সফরে গতকাল বুধবার রাতে ঢাকায় এসেছেন। প্রথম বাংলাদেশ সফরের সময় তিনি আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সংক্ষিপ্ত এই সফরে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রীর একটি গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার এবং একটি তৈরি পোশাক কারখানা ঘুরে দেখার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, মূলত যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) আমন্ত্রণে ঢাকায় এসেছেন ডেভিড ক্যামেরন। মূলত উন্নয়নশীল দেশগুলোর টেকসই প্রবৃদ্ধির সহায়তায় নীতিমালা তৈরিতে পরামর্শ দিতে গবেষণা করে থাকে আইজিসি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকোনমিকসের সহযোগিতায় এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডির অর্থায়নে প্রতিষ্ঠানটি কাজ করে। ডেভিড ক্যামেরন আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে আইজিসি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া তেজগাঁও এলাকায় একটি তৈরি পোশাক কারখানা দেখতে যাওয়ার কথা রয়েছে তাঁর। সফর শেষে আজ রাতে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।