ডেভিড বার্গম্যানের মন্তব্যের বিষয়ে আদেশ ১৭ এপ্রিল
মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নিজস্ব ব্লগে করা মন্তব্যের বিষয়ে ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের ব্যাখ্যার ওপর গতকাল সোমবার শুনানি শেষ হয়েছে। ১৭ এপ্রিল এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
হাইকোর্টের আইনজীবী আবুল কালাম আজাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে ডেভিড বার্গম্যানের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। গত ১৮ মার্চ বার্গম্যান লিখিত ব্যাখ্যা দেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল এ বিষয়ে শুনানি হয়। বার্গম্যানের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। অভিযোগকারীর পক্ষে ছিলেন আইনজীবী মিজান সাঈদ।
শুনানিতে মোস্তাফিজুর রহমান খান বলেন, বার্গম্যান তাঁর লেখার কোথাও বলেননি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখের কম বা বেশি। তিনি লিখেছেন, ট্রাইব্যুনালের রায়ে ৩০ লাখ শহীদের কথা কোনো সূত্র উল্লেখ না করেই বলা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে আদালত অবমাননার অভিযোগ আনা যায় না। কারণ, এটি আদালতে বিচারাধীন কোনো বিষয় নয়।
মিজান সাঈদ শুনানিতে বলেন, এর আগেও আদালত অবমাননার অভিযোগে বার্গম্যানকে সতর্ক করা হয়েছে। তাঁর এসব সমালোচনা ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি তৈরি করবে।
জাহিদ হোসেনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু: ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের শেষ (২৪তম) সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জন রায়ের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ সত্যরঞ্জনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।