ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি পেলেন সজীব ওয়াজেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি’তে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিউইয়র্কের হোটেল মিলেনিয়ামে সোমবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর মা শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
‘ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি’তে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিউইয়র্কের হোটেল মিলেনিয়ামে সোমবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর মা শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

‘ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। সুদূরপ্রসারী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল বিশ্বের সড়কে পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান তিনি।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গ্রহণের প্রথম বার্ষিকী উপলক্ষে টেকসই উন্নয়নের একটি হাতিয়ার হিসেবে প্রতিযোগিতামূলক আইসিটির গুরুত্ব তুলে ধরতে গত সোমবার রাতে নিউইয়র্কের হোটেল মিলেনিয়ামে উচ্চপর্যায়ের একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রখ্যাত অভিনেতা রবার্ট ডাবি এই জমকালো অনুষ্ঠানে সজীব ওয়াজেদের হাতে ওই পুরস্কার তুলে দেন।

ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্ন্যান্স অ্যান্ড কমপিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেনের স্কুল অব বিজনেস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন উপলক্ষে এ বছর চালু করা হয়েছে পুরস্কারটি। প্রতিবছর এই পুরস্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ও অন্যান্য দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতা, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রধান, রাষ্ট্রদূত, বেসরকারি খাত ও সুশীল সমাজের নেতা ও খ্যাতিমান তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে কাউকে মনোনয়ন দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ অর্জনের লক্ষ্যের রূপায়ণকে সম্ভব করে তুলেছেন সজীব ওয়াজেদ। তিনি আরও বলেন, ‘একজন মা হিসেবে প্রকৃতপক্ষে আমার ছেলে তার কাজের জন্য স্বীকৃতি পাচ্ছে দেখে আমি গর্বিত।’

পুরস্কার গ্রহণের পর সজীব ওয়াজেদ বলেন, ‘আমি এই পুরস্কার লাভ করায় খুবই সম্মানিত বোধ করছি।’