ভবন নির্মাতা প্রতিষ্ঠান (ডেভেলপার) বা ঠিকাদারেরা অনেক সময় নকশা অনুযায়ী ভবনের কাজ করেন না বলে অভিযোগ করেছেন বিশিষ্ট পুরকৌশলবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘শহরের দুর্যোগ ব্যবস্থাপনা ও রানা প্লাজা ধসের শিক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালা যৌথভাবে আয়োজন করেছে বেসরকারি সংস্থা সেইফ ও ইএমকে সেন্টার।
এক প্রশ্নের জবাবে জামিলুর রেজা বলেন, ‘ঢাকাকে কেন্দ্র করে একটি বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) করা হয়েছে। ওখানে দেখানো হয়েছে, কোনখানে কোন ধরনের শিল্প থাকবে, কোথায় আবাসিক এলাকা আর কোথায় জলাভূমি। তবে আবাসন ব্যবসায়ীরা খুবই শক্তিশালী। তারা ড্যাপকে ভণ্ডুল করে দিয়েছে। মন্ত্রী আগে অনেক কথা বললেও এখন কিছুই বলছেন না। আপনারা ধরে নেন, ড্যাপের মৃত্যু হয়েছে।’
জামিলুর রেজা চৌধুরী বলেন, অনেক সময়ই দেখা যায় যে ডেভেলপার বা ঠিকাদারেরা নকশা অনুযায়ী কাজ করেন না। প্রকৌশলীরা নকশা দেখে অনুমোদন দেওয়ার পর তাঁরা পরিবর্তন আনেন। পরিমাণমতো নির্মাণ উপকরণ দেন না। বিমানবন্দরে একটি ভবনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবনটির প্রকৌশলী রাতের বেলা নকশার অনুমোদন দেওয়ার পর ঠিকাদারেরা রড বের করে নিয়েছেন। তিনি আরও বলেন, ‘গত ৩০ বছরে আমি অনেকগুলো ভবনধস-পরবর্তী তদন্তের সঙ্গে যুক্ত ছিলাম। তাতে মনে হয়েছে, প্রতিটি ঘটনাই পরপর কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনার সমষ্টি।’
জামিলুর রেজা বলেন, রানা প্লাজার ছয়তলা পর্যন্ত নকশায় কিছু ত্রুটি ছিল। সেখানে যে প্রকৌশলী স্বাক্ষর করেছেন, তাঁর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পরিচিত নম্বরটি ছিল ভুয়া। ওই নকশা দিয়েই ভবনটির অনুমোদন নেওয়া হয়েছে। এরপর ভবনের কংক্রিট ও অন্যান্য নির্মাণসামগ্রীও ছিল নিম্নমানের। সেখানে ইমারত নির্মাণ নীতিমালা প্রয়োগেরও ত্রুটি ছিল। তিনি আরও বলেন, বাংলাদেশে কাগজে-কলমে অনেক কিছুই হয়। রানা প্লাজার ঘটনাটিকে তিনি ‘গভর্ন্যান্স ফেইলিওর’ বলে উল্লেখ করেন।
রানা প্লাজা থেকে উদ্ধারকাজের সময় গণমাধ্যমের আচরণের সমালোচনা করে জামিলুর রেজা বলেন, ‘আমার কাছে কয়েকজন টিভি সাংবাদিক এসেছিলেন। তাঁরা বলেছেন যে ক্যামেরা নিয়ে ভবনের নিচ পর্যন্ত গিয়েছেন। তবে এটা আমার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে। পৃথিবীতে অন্য কোথাও উদ্ধারকাজে গণমাধ্যম এতটা প্রবেশাধিকার পায় না।’
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করার ওপর জোর দিয়ে বলেন, রানা প্লাজার উদ্ধারকর্মে স্থানীয় স্বেচ্ছাসেবকেরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে তাঁরা যদি প্রশিক্ষিত হতেন এবং আরও ভালো উদ্ধারযন্ত্র থাকত, তাহলে উদ্ধারকাজ আরও সফল হতো।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল এম এম মোজাহারুল হক, হাউজিং ও বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক, ইএমকে সেন্টারের পরিচালক এম কে আরেফ প্রমুখ। প্রধান বক্তা ছিলেন বুয়েট-জাপান ইনস্টিটিউট অব ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটির পরিচালক তাহমিদ আল হোসাইনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেইফের চেয়ারম্যান সাদাফ-সায-সিদ্দিকী।
গতকাল সকালে উদ্বোধন হওয়ার পরে বিকেল পাঁচটা পর্যন্ত চলে কর্মশালা। আজও দিনব্যাপী একই বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।