ডেমরা সেতুর নিচে অভিযান, দুই একর জায়গা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমরার সুলতানা কামাল সেতুর নিচে অবৈধ বালু ব্যবসা উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ছবিটি গতকালের l হাসান রাজা
ডেমরার সুলতানা কামাল সেতুর নিচে অবৈধ বালু ব্যবসা উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ছবিটি গতকালের l হাসান রাজা

ডেমরায় বালু ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে সুলতানা কামাল সেতুর নিচে অভিযান চালিয়ে প্রায় দুই একর জায়গা উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ। সেখানে নদী ভরাট করে দীর্ঘদিন বালুর ব্যবসা চালিয়ে আসছিলেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। গত দুই দিন এ অভিযান চলে। রোববার উচ্ছেদ চলাকালে দখলদারেরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তাঁদের সরিয়ে দিয়ে অভিযান চালানো হয়।
৩ আগস্ট প্রথম আলোয় ‘ডেমরা সেতুর নিচে বালু-বাণিজ্য’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত রোববার থেকে এই অভিযান চালানো হয়। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন প্রথম আলোকে জানান, এর আগে নদী দখল করে বালু ব্যবসার কারণে ডেমরা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মোমিনসহ (মোমিন মেম্বার নামে পরিচিত) ১২ জনের নামে জলাধার সংরক্ষণ আইনে নৌ-আদালতে মামলা করা হয়।
রোববার সকাল প্রায় সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চালানো হয়। সেতুর নিচে গোলাকারভাবে যে জায়গাটি ভরাট করা হয়েছিল, সেটির মাটি এক্সকাভেটরের সাহায্যে খনন করে জায়গাটি সমান করা হয়। বাকি মাটি বাঁ পাশে নদীর তীরে রাখা হয়। প্রথম দিনে এক একর এবং গতকাল সোমবার আরও এক একর নদীর দখল করা জায়গা উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, উদ্ধার করা জায়গায় দখল ঠেকাতে পায়ে চলার পথ (ওয়াকওয়ে) নির্মাণ করা হবে।
২ আগস্ট এলাকায় গিয়ে দেখা গিয়েছিল নদীর তীরে বাওয়ানী জুটমিলের বিপরীত দিকে রাস্তার পাশে প্রচুর বালু জমা করে রাখা হয়েছে। সেই বালু নেওয়ার জন্য প্রস্তুত ট্রাক। সেতুর পূর্ব প্রান্তের স্তম্ভগুলো (পিলার) থেকে এলাকায় নদীর ঢালে রীতিমতো গদিঘর বসিয়ে চলছিল রমরমা বালু-বাণিজ্য। এতে নদীর গতিপথ বাধাগ্রস্ত এবং সেতুর নিচের এসব অংশে নৌকাসহ জলযান চলাচল ব্যাহত হচ্ছিল। ওই সময়ে বালু বিক্রির সাতটি গদিঘর ছিল। উচ্ছেদের খবরে সেগুলো আগেই সরিয়ে ফেলা হয়।
ভরাট করা জায়গা খননের একপর্যায়ে রোববার বেলা আড়াইটার দিকে দখলদার মোমিন মেম্বার তাঁর লোকদের নিয়ে ঘটনাস্থলে আসেন। তিনি প্রশ্ন তোলেন, তাঁদের ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? সেতুর নিচের জায়গাটির কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগ। বিআইডব্লিউটিএ এখানে কেন উচ্ছেদ অভিযান চালাচ্ছে? এ সময় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন তাঁদের সরে যেতে বলেন। তিনি বলেন, বিআইডব্লিউটিএ এবং সড়ক ও জনপথ বিভাগ দুটোই সরকারি প্রতিষ্ঠান। তা ছাড়া সড়ক ও জনপথ বিভাগ থেকে এখানে নদী ভরাট করে বালু ব্যবসার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি।

.
.

মোমিনের একজন সহকারী এ সময় বলতে থাকেন, নৌ-আদালতে মামলা না থাকলে তাঁরাও দেখে নিতেন। মামলা করে তাঁদের দুর্বল করে রাখা হয়েছে। একপর্যায়ে তাঁরা সরে যান।
গতকাল সোমবার অভিযানের সময় নদীর জায়গায় রাখা ইট এবং বালু সরাতে বলা হলে দখলদারেরা তা সরাননি। পরে অভিযান পরিচালনাকারী দল শ্রমিকদের দিয়ে বালু সরিয়ে ফেলেন।
অভিযানে ১০ জন সশস্ত্র আনসার ও বিআইডব্লিউটিএর নিজস্ব শ্রমিক ছিলেন। বিআইডব্লিউটিএর উপস্থিত কর্মকর্তারা প্রথম আলোকে জানান, নদী দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
২০১০ সালের মাঝামাঝি ৭৯ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সুলতানা কামাল সেতুর নির্মাণকাজ শেষ হয়। সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৭২ মিটার ও প্রস্থ ১০ মিটার। সেতু নির্মিত হওয়ার অনেক আগে থেকেই ঘাট এলাকায় দখলের প্রক্রিয়া চালু ছিল। যখন যে দল ক্ষমতায় থাকে, তখন তাদের স্থানীয় নেতাদের দখলে চলে যায় ডেমরা ঘাট এলাকা।
অভিযানের সময় ডেমরা এলাকার স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান। রহমতউল্লাহ নামের সাবেক একজন স্কুলশিক্ষক জানান, উচ্ছেদ কার্যক্রম চালানোর পর নিয়মিত তদারকের ব্যবস্থা রাখা না হলে আবারও নদী ভরাট ও বালুর ব্যবসা চলতে থাকবে। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপস্থিত কর্মকর্তারা জানান, আবার যাতে নদীর জায়গা দখল হতে না পারে, সে জন্য পায়ে চলার পথ ছাড়াও বনায়ন করা হবে।