ডেমু চলবে বিশ্ববিদ্যালয় রুটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ও শহরতলির পথে চলাচলকারী চীন থেকে আমদানি করা বিতর্কিত ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনে যাত্রী মিলছে না। দিনের প্রত্যক্ষ খরচের ১০ শতাংশের বেশি উঠছে না এই ট্রেন থেকে। এ কারণে ট্রেনটি এখন সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চালানো হবে৷ মহানগর ও শহরতলি এলাকায় এটি বাণিজ্যিকভাবে চলবে কেবল বিকেলে৷
রেলওয়ে সূত্র জানায়, গত বছরের ২৭ মে থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নয় মাসে ডেমুর আয় হয়েছে মাত্র তিন লাখ চার হাজার ৫৩০ টাকা।
সূত্র জানায়, এ কারণে ডেমু ট্রেনিট সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে শিক্ষার্থী পরিবহনে ব্যবহার করা হবে৷ শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য ৫ জুন থেকে নতুন আরেকটি ডেমু ট্রেন চালু করা হয়েছে৷
রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন বলেছেন, একটি ডেমু ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চালানোর সিদ্ধান্ত অনেক আগের৷ মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে ডেমুর রুট ঠিক হয়েছে। এর মধ্যে একসেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চালানোর সিদ্ধান্ত অনেক আগে নেওয়া হয়। সেটি সম্প্রতি কার্যকর হয়েছে। আর চট্টগ্রাম নগর ও শহরতলি এলাকায় চলাচলকারী আরেক সেট ডেমু সকালবেলায় বিশ্ববিদ্যালয় রুটে চালানো হবে৷’
শহরে আয়ের নাজুক চিত্র: রেলওয়ের যান্ত্রিক বিভাগের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডেমু ট্রেনে প্রতিদিন গড়ে ১৩০ লিটার জ্বালানি বাবদ খরচ হয় প্রায় সাড়ে আট হাজার টাকা। এর সঙ্গে দুজন চালক, দুজন সহকারী চালক, দুজন টিটিই, একজন গার্ড, একজন নিরাপত্তারক্ষীর দৈনিক ভিত্তিতে বেতন পাঁচ হাজার ১০০ টাকা৷ বিক্রয় কর্মী ও টিকিট ছাপানোর খরচ যুক্ত করলে সব মিলিয়ে ডেমুর দৈনিক প্রত্যক্ষ খরচ দাঁড়ায় প্রায় সাড়ে ১৩ হাজার টাকা। এতে গড়ে প্রতিদিন ৭৬ জনের বেশি যাত্রী পাওয়া যাচ্ছে না। অথচ ট্রেনটির যাত্রী ধারণক্ষমতা ৩০০ জন। গত বছরের ২৭ মে চালু হওয়ার পর থেকেই যাত্রীসংকটে ভুগছে ট্রেনটি। কারণ, ফৌজদারহাট থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে রেললাইনঘেঁষা এলাকায় তেমন জনবসতি, বড় শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা শিল্পকারখানা নেই৷