ডেমু ট্রেনের সঙ্গে টেম্পোর সংঘর্ষে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যাওয়া শহরগামী ডেমু ট্রেনের সঙ্গে টেম্পোর সংঘর্ষে দুজন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে বড়দীঘিপাড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুই ব্যক্তি হলেন টেম্পোচালক তোতা মিয়া ও তাঁর সহকারী মো. ইমরান। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বলেন, টেম্পোচালক মাথায় ও সহকারী পায়ে আঘাত পেয়েছেন।

ষোলশহর স্টেশনের মাস্টার সাহাব উদ্দিন বলেন, বড়দীঘিপাড় রেলক্রসিংয়ের গেট দিয়ে যান চলাচল নিষিদ্ধ। টেম্পোচালক নিষেধ অমান্য করে ওই গেট দিয়ে যাচ্ছিলেন। এতে দুর্ঘটনা ঘটে।

এর আগে ১৬ মে নগরের ২ নম্বর গেট রেলক্রসিংয়ে বাসের সঙ্গে তেলবাহী ওয়াগনের সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন।