
সকাল ১০টা পাঁচ মিনিট। ডেমু ট্রেন এসে থামল চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর ফটকের সামনে। এর কয়েক মিনিট আগেই ফটকের দুই পাশে আটকে রাখা হয়েছে কনটেইনারভর্তি আমদানি-রপ্তানি পণ্যবাহী গাড়ি। কিন্তু যাত্রী না উঠলেও প্রায় পাঁচ মিনিট পার হলো। যাত্রাবিরতি শেষে বন্দরের সবচেয়ে ব্যস্ত এই ফটক পার করে বন্দর স্টেশন ছাড়ল ডেমু। ততক্ষণে দুই পাশে জমে গেছে পণ্যবাহী গাড়ির সারি। গত মঙ্গলবারের চিত্র এটি।৪ নম্বর ফটকের পাশে কাজ করছিলেন বেসরকারি ডিপোর কর্মী রাজেকুজ্জামান। তিনি জানালেন, ‘প্রতিদিন দুবার ট্রেন আসার আগে-পরে এই ফটকের ভেতরে-বাইরে পণ্যবাহী গাড়ির জট তৈরি হয়।’ গত সোম থেকে বুধবার—তিন দিনে সকাল ও সন্ধ্যায় বন্দরের ৩ নম্বর, ২ নম্বর ও ১ নম্বর ফটকের দুই পাশেও একই চিত্র পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০টায় টোল সড়কের পাশের ফটক দিয়ে ডেমু ট্রেনটি বন্দরে ঢোকে। প্রায় ৩০০ জন ধারণক্ষমতার এ ট্রেনে যাত্রী ছিল ১০-১২ জন। এ সময় রেললাইনের দুই পাশের বন্দর চত্বরে কনটেইনার ওঠা-নামার কাজ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ৪ নম্বর ফটক খোলার আগেই ডেমু বন্দরের ভেতরে থামে। ট্রেনটির তিন বগির সব দরজাই ছিল খোলা।
কিন্তু দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে খোলা এবং বন্ধ হওয়ার কথা ছিল। প্রথমে ঢাকা-নারায়ণগঞ্জ পথে ডেমু চলাচল শুরু করলে এই স্বয়ংক্রিয় ব্যবস্থা পুরো কাজ করছিল না এবং দরজা বন্ধ থাকায় গরমে যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছিল। এর পরই দরজা খোলা রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বন্দরের মতো সংরক্ষিত এলাকায় চলাচলে এতে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে একই রেলপথে কনটেইনারবাহী ট্রেন ও ডেমু বন্দরে ঢোকে। কিন্তু কনটেইনারবাহী ট্রেন সরকারি বন্দর চত্বরে চলে যাওয়ায় পণ্য পরিবহনে সমস্যা হয় না।
নগর পরিকল্পনাবিদ স্থপতি বিধান বড়ুয়া গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, আগে বন্দর থেকে পণ্য পরিবহনের যে পথ ছিল, সেটিতেই এখন ডেমু চলছে। এই পথে যাত্রী চলাচল করবে কি না, তা আগেই যাচাই-বাছাই করে দেখার প্রয়োজন ছিল। চালুর দুই মাস পরও এ পথে এখনো তেমন যাত্রী না থাকায় গণপরিবহন সংকটেও ট্রেনটি ভূমিকা রাখতে পারছে না। বরং চট্টগ্রাম বন্দরের মতো একটি স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়ল। বন্দরের নিরাপত্তা ও পণ্য পরিবহনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডেমুর পথ নির্ধারণ করা উচিত বলে মনে করেন তিনি।
চট্টগ্রাম বন্দর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ‘এ-১’ গ্রেডভুক্ত। ১৯৯৭ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রণীত কেপিআই নীতিমালা এবং আন্তর্জাতিক নৌসংস্থার তৈরি ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি কোড (আইএসপিএস)’ বিধিমালা অনুযায়ী যাত্রীবাহী ট্রেন চলার সুযোগ নেই।
ডেমু ট্রেনের কারণে বন্দরের পণ্য পরিবহন ও নিরাপত্তাঝুঁকির কথা একাধিকবার চিঠি দিয়ে রেলওয়েকে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রেলওয়ের মহাপরিচালকের কাছে লেখা চিঠিতে বলা হয়, ডেমু ট্রেন চলাচলের কারণে প্রতিদিন দুই ঘণ্টা বন্দরের ফটক দিয়ে কনটেইনার ও পণ্যবাহী গাড়ি সরবরাহের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। জেটির ভেতরে এবং বাইরে মূল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গত সোমবার প্রথম আলোকে জানান, ট্রেন চলার সময় আমদানি-রপ্তানি পণ্য পরিবহন কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা ছাড়া উপায় নেই। তিনি বলেন, ডেমু ট্রেন দুদিকে চলে। বন্দরের তিন কিলোমিটার অংশ বাদ দিয়ে শহরের ট্রেনটি চলাচল করলে বন্দর ঝুঁকিমুক্ত থাকে। এ বিষয়ে রেলের সঙ্গে আলোচনা চলছে।
ওই চিঠিতে আরও বলা হয়, ডেমু ট্রেনে জনসাধারণের চলাচলের কারণে কোনো অন্তর্ঘাত হলে বিশ্বে এ বন্দর সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। ট্রেনে করে সন্ত্রাসী ও পাচারকারী দলের সদস্যদের বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশের সুযোগ থাকে, এতে মালামালের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।
বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, বন্দরের ভেতর যেকোনো ব্যক্তি প্রবেশের সময় স্ক্যানিং করা হয়, অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। ডেমুর যাত্রীদের বেলায় তা সম্ভব নয়। তাই এতে আপাতত দুজন নিরাপত্তাকর্মী বন্দর অংশ পর্যন্ত দায়িত্ব পালন করছে।
জানতে চাইলে পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ট্রেনের দরজা এখন খোলা থাকলেও বন্ধ রাখার ব্যবস্থা হচ্ছে। ২০০৭ সালে বন্দর সম্প্রসারণের ফলে রেলপথটি বন্দরের সীমানাপ্রাচীরের ভেতরে চলে আসায় কিছু কিছু সমস্যা হচ্ছে। এ জন্য রেলপথের দুই পাশে কাঁটাতারের বেড়া দিতে বন্দরকে বলা হয়েছে। বিষয়টি নিয়ে দুই মন্ত্রণালয়ে আলোচনা চলছে।
গত ২৪ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ পথে আধুনিক কমিউটার ট্রেন ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের (ডেমু) আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ২৫ মে চলাচল শুরু করে চট্টগ্রাম অঞ্চলে। প্রতিদিন সকাল সাড়ে আটটায় এবং বিকেল সাড়ে চারটায় এটি চট্টগ্রাম স্টেশন ছাড়ে। এরপর ফৌজদারহাট- স্টেডিয়াম-সল্টগোলা ও বন্দর হয়ে চট্টগ্রাম স্টেশনে ফিরে আসে ট্রেনটি। এই পথে দিনে গড়ে যাত্রী পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৭৫ জন।